২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ফুটবলে ‘বিদ্রোহ’ তদন্তের প্রতিবেদন বাফুফের হাতে

খেলোয়াড় এবং কোচদের সাথে আলোচনা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতির দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 10:41 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

পিটার জেমস বাটলার বনাম ‘বিদ্রোহী’ খেলোয়াড় ইস্যুতে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদন নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি কমিটির সভাপতি ইমরুল হাসান। সিদ্ধান্ত নেওয়ার ভার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের হাতে ছেড়ে দিয়ে তিনি বলেছেন, তদন্তের সময় নির্মোহ ছিলেন তারা।

কিছুদিন আগে পিটারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’র ঘোষণা দেন ১৮ ফুটবলার। তিন পৃষ্ঠার বিবৃতিতে পিটার থাকলে আনুশীলন না, বরং গণ পদত্যাগের হুমকিও দেন তারা। এরপরই বাফুফে সাত সদস্যের কমিটি গঠন করেছিল বিষয়টি তদন্তের জন্য।

গত ছয় দিন খেলোয়াড়, কোচের সাথে কথা বলেছে কমিটি। সব পক্ষের অভিযোগ, অনুযোগ শুনে অচলাবস্থা নিরসনে নিজেদের মতামত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানান ইমরুল।

“আপনারা জানেন যে, নারী ফুটবলে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। সেটা নিরসনে সভাপতি সাত সদস্যের কমিটি গঠন করে দিয়েছিলেন। আমরা গত শনিবার থেকে কাজ করেছি। সংশ্লিষ্ট পক্ষের মতামত শুনেছি, তাদের বক্তব্য নিয়েছি। এই বক্তব্যের আলোকে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি। কিছু কারণ খুঁজে পেয়েছি। সেগুলোর প্রতিকারের জন্য কী কী করণীয়, সেগুলো উল্লেখ করে আমরা প্রতিবেদন জমা দিয়েছি।”

বাফুফে ভবনে বৃহস্পতিবার আসেননি তাবিথ। তার দপ্তরে প্রতিবেদন জমা দিয়েছেন ইমরুল। কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত কী হবে, কবে হবে, এসব প্রশ্নের উত্তরে তিনি বল ঠেলে দিয়েছেন সভাপতির কোর্টে।

এই বিতর্কের ডামাডোলের মধ্যে নারী দলকে একুশে পদক দেওয়ার ঘোষণা এসেছে। এই স্বীকৃতি সম্মানের এবং এজন্য মেয়েদের ধন্যবাদ দিলেও দলীয় স্বার্থে শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন ইমরুল, যিনি নিজেও বাফুফের সিনিয়র সহ-সভাপতি।

“নারী ফুটবল দল একুশে পদক পেয়েছে, এটা কেবল নারী ফুটবল নয়, যে কোনো খেলার জন্যই এটা বড় প্রাপ্তি। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংশ্লিষ্ট ও খেলোয়াড়দের প্রতি আমরা কৃতজ্ঞ। নারী দলের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিতে চাই। নারী ফুটবল দল কিন্তু আমাদের অনেক সাফল্য এনে দিয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুযোগই নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শৃঙ্খলা, সেখানে (তদন্ত প্রতিবেদনে) সাফল্য-ব্যর্থতা মূল প্রভাবক হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয় না।” 

“এখানে কমিটিতে যারা ছিলেন, তারা সবাই স্ব স্ব ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিয়ে এখানে এসেছেন। আমরা মনে করি, মেয়েদের বিষয়গুলো নিয়ে আবেগ যেমন ছিল, সাফল্য যেমন ছিল, তেমনি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, আমরা সব দিক বিবেচনা করে প্রতিবেদন তৈরি করেছি। নিজেদের দায়িত্বের প্রতি নির্মোহ ছিলাম আমরা।”