২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে মধ্যরাতে সংবর্ধনা, তবুও ‘রোমাঞ্চিত’ আফঈদা-ঋতুপর্ণারা

প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে ওঠা আফঈদা-ঋতুপর্ণাদের মধ্যরাতে সংবর্ধনা দেওয়া নিয়ে আছে নানা প্রশ্ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 01:57 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বের মঞ্চে জায়গা করে নেওয়ার ইতিহাস গড়েছেন আফঈদা-ঋতুপর্ণারা। দেশে ফেরা বিজয়ী মেয়েদের সংবর্ধনা দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মধ্যরাতে এই সংবর্ধনা দেওয়া হচ্ছে বলে প্রশ্নও উঠছে।

মিয়ানমারে বাছাই শেষ করে রোববার রাতেই ব্যাংকক হয়ে ঢাকায় ফিরছে মেয়েরা। ব্যাংককে বসে হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে রোমাঞ্চ নিয়ে অপেক্ষার বার্তা বাফুফের ফেইসবুক পেজে দিয়েছেন অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি।

“আমরা এখন ব্যাংককে আছি। আজ দিবাগত রাত আড়াইটায় হাতিরঝিলে আমাদের সংবর্ধনা দেওয়া হবে। আগে কখনও এমন হয়নি। আমরা এজন্য বেশ এক্সাসাইটেড। আপনারা সবাই আসবেন।”

দুইবারের উইমেন’স সাফ জয়ী ডিফেন্ডার শিউলি আজিমও সুর মিলিয়েছেন আফঈদার সুরে।

“গত দুই বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা ছাদ খোলা বাসে সংবর্ধনা পেয়েছি। এবার ভিন্ন রকম পরিস্থিতি। রাত আড়াইটায় হাতিরঝিলে প্রথমবারের মতো এ রকম সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আমরা রোমাঞ্চিত।”

রাত ২টা ৩০ মিনিটে হাতিরঝিল এম্ফিথিয়েটারের এই সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা, লম্বা ভ্রমণ ক্লান্তি নিয়ে মেয়েদের যোগ দিতে হবে অনুষ্ঠানে।

এত তাড়াহুড়া করে এই আয়োজনের কারণ হিসেবে বাফুফের তরফ থেকে বলা হচ্ছে, সোমবার ভোরে ভুটানে লিগ খেলতে ঋতুপর্ণা ও মনিকা চাকমা রওনা দেবেন। এ কারণে মধ্যরাতেই সারা হচ্ছে সংবর্ধনা।