১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সতর্কতার পরও বিশ্বকাপ প্রস্তুতিতে পরিবর্তন আনবে না ডিআর কঙ্গো

কোনো খেলোয়াড় কঙ্গো থেকে না আসায় পরিকল্পনায় বদল আনার কোনো কারণ দেখছে না তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 08:06 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন‍্য দেশটির দেওয়া শর্ত মানছে না ডিআর কঙ্গো। একজন মুখপাত্র বলেছেন, পরিকল্পনা অনুযায়ীই প্রস্তুতি চালিয়ে যাবেন তারা।

ইবোলা প্রাদুর্ভাব দেখা দিয়েছে কঙ্গোয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে হলে কঙ্গোর প্রতিনিধি দলকে একটি বলয়ের ভেতরে থাকতে হবে এবং ২১ দিন আইসোলেট থাকতে হবে। অন‍্যথায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নাও মিলতে পারে। 

বিশ্বকাপে ‘কে’ গ্রুপে আছে আফ্রিকার দল কঙ্গো। আগামী ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে পর্তুগালের মুখোমুখি হবে তারা। ২৩ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার বিপক্ষে খেলবে তারা। ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে যুক্তরাষ্ট্রের আটলান্টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে কঙ্গো। 

বিশ্বকাপের জন‍্য হোয়াইট হাউজের টাস্ক ফোর্সের প্রধান অ‍্যান্ড্রু জুলিয়ানো ইএসপিএনকে বলেছেন, ১১ জুন হিউস্টনে আসতে হলে ২১ দিন কঙ্গো দলকে বাবলের ভেতরে থাকতে হবে।  

বিশ্বকাপে খেলতে বেলজিয়ামে প্রস্তুতি নিচ্ছে কঙ্গো। এখানে ৩ জুন ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম‍্যাচ খেলবে তারা। ছয় দিন পর কাদিসে স্পেনের বিপক্ষে তারা খেলবে আরেকটি ম‍্যাচ। একজন কর্মকর্তা বলেছেন, তারা পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে যাবেন।

“আমরা নিজেদের অনুশীলন পরিকল্পনা অব‍্যাহত রাখব। দলের কোনো খেলোয়াড় ডিআর কঙ্গো থেকে আসেনি।”

দলের সবাই ডিআর কঙ্গোর বাইরের লিগে খেলেন, বেশিরভাগই ইউরোপে। কোচ সেবাস্টিয়ান দাসাবরাহও থাকেন ইউরোপে। চলতি সপ্তাহের শুরুর দিকে অনুশীলন ক‍্যাম্পে কয়েকজন কর্মকর্তা যোগ দিয়েছেন ডিআর কঙ্গো থেকে। 

আগামী সপ্তাহে বিদায় নেওয়ার জন‍্য তিন দিনের সফরে কিনশাসা যাওয়ার কথা ছিল ডিআর কঙ্গো দলের। তবে সেটি বাতিল হয়ে গেছে। 

এবারের প্রাদুর্ভাবে ইবোলা সংক্রমণের সন্দেহ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০ জনে এবং ১৭৭ মৃত‍্যু হয়েছে।