২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডের ঐতিহ্যের ভার অনুভব করছেন না আমুরি

ইংলিশ ক্লাবটির দায়িত্ব পেয়ে ‘গর্বিত’ পর্তুগিজ এই কোচ নতুন ঠিকানায় কাজ শুরু করতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2024, 09:56 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

ফুটবল ইতিহাসের ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দল তারা; যদিও লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে বন্দি ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। তাদেরকে পথে ফেরানোর চ্যালেঞ্জ নিয়েছেন হুবেন আমুরি। দলটির সাফল্যে ভরা ইতিহাস হতে পারে বাড়তি চাপের। তবে পর্তুগিজ এই কোচ তেমন কিছু অনুভব করছেন না।

ধারাবাহিক ব্যর্থতার জেরে গত ২৮ অক্টোবর এরিক টেন হাগকে বরখাস্ত করে ইউনাইটেড। দ্রুতই নতুন কোচ হিসেবে আমুরির নাম ঘোষণা করে তারা। গত সোমবার ইউনাইটেডে যোগ দেন তিনি। এরপর এই প্রথম নিজের লক্ষ্য নিয়ে কথা বললেন ৩৯ বছর বয়সী কোচ।

স্পোর্তিং লিসবনকে দারুণ সব সাফল্য এনে দিয়েছেন আমুরি। তার কোচিংয়ে পর্তুগালের ক্লাবটি চার বছরে দুটি লিগ শিরোপাসহ মোট পাঁচটি ট্রফি জিতেছে। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় স্পোর্তিং।

সিটির বিপক্ষে স্পোর্তিংয়ের ওই অবিশ্বাস্য জয়ে আমুরির ওপর স্বাভাবিকভাবেই ইউনাইটড সমর্থকদের প্রত্যাশা বেড়েছে। দলটি দীর্ঘ ১১ বছর ধরে জিততে পারছে না প্রিমিয়ার লিগ শিরোপা। সবশেষ লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তারা ২০১২-১৩ মৌসুমে, স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে।

ইউনাইটেডকে ওই লিগ শিরোপা জিতিয়েই ২০১৩ সালে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন ফার্গুসন। কিংবদন্তি চলে যাওয়ার পর পথ হারিয়ে ফেলে ইউনাইটেডও। একের পর এক কোচ বদলেও কক্ষপথে আর ফিরতে পারেনি প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। 

এই সময়ে দলটিকে কোচিং করিয়েছেন ডেভিড ময়েস, লুই ফন খাল, জোসে মরিনিয়ো, উলে গুনার সুলশারের পর সবশেষ এরিক টেন হাগ; কিন্তু পারফরম্যান্সে ধারাবাহিকতা ফেরেনি। তাই আমুরির সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তিনি অবশ্য দারুণ আত্মবিশ্বাসী। ম্যানচেস্টার ইউনাইটেড টিভিকে বললেন, ক্লাবের পাহাড়সময় সাফল্যের ইতিহাস তার জন্য কোনো চাপের নয়। 

“আপনি টিভিতে দেখেই বুঝতে পারেন, এটি বিশাল স্টেডিয়াম এবং চমৎকার এক জায়গা। এখানে এলে এর বিশেষত্ব অনুভব করতে পারবেন এবং আমি মনে করি, এর ইতিহাসকেও অনুভব করা যায়। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে পেরে আমি সত্যি, সত্যিই গর্বিত। এখানে আসতে পারাটা দারুণ সম্মানের।”

“পুরো ব্যাপারটি আমার কাছে বেশ মজার লাগছে, কারণ আমি (কোনো চাপ নয়), বরং খুব নির্ভার বোধ করছি। ম্যাচের দিন না হওয়ার কারণে এমনটা হতে পারে। খেলা থাকলে আমি ভিন্ন এক মানুষ। তবে আমি সত্যিই চাপ অনুভব করছি না। রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছি এবং বেশ নির্ভার আছি। আমার মন হয়, যেখানে থাকার কথা আমি সেখানেই আছি।”

চলতি প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১১ ম্যাচে স্রেফ ৪টি জিতেছে তারা। সঙ্গে তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে আছে। 

বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের বিরতি চলছে। আমুরির কোচিংয়ে ইউনাইটেডের প্রথম ম্যাচ আগামী ২৪ নভেম্বর, ইপ্সউইচ টাউনের বিপক্ষে।