২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ হারলেও দল নিয়ে গর্বিত গুয়ার্দিওলা, ‘আমরা সত্যিই ভালো খেলেছি’

সবশেষ ১০ ম্যাচে ম্যানচেস্টার সিটির সপ্তম পরাজয় এটি, তবে ফুটবলারদের নিবেদন দেখে দারুণ খুশি কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2024, 12:32 PM

Updated : 26 Aug 2026, 11:06 AM

লড়াইটা ছিল ধুঁকতে থাকা দুই দলের। সেখানে ম্যানচেস্টার সিটি দেখিয়ে দিল, বাজে সময়ের চক্রে আপাতত তারাই তলানিতে! তবে ইউভেন্তুসের কাছে এই ম্যাচে পরাজয়ের পরও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচের চোখে তার দলই সেরা এবং ফুটবলারদের নিবেদন দেখে তিনি দারুণ খুশি।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার ইউভেন্তুসের মাঠে খেলতে নামে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে স্রেফ একটি জয় ছিল ইউভেন্তুসের। কিন্তু এদিন সিটিকে হারিয়ে দেয় তারা ২-০ গোলে।

অপ্রতিরোধ্য পথচলা থেকে হঠাৎ দুঃসময়ের চক্রে পড়ে যাওয়া সিটির এটি সবশেষ ১০ ম্যাচে সপ্তম পরাজয়। চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচে তাদের জয়-হার-ড্র সমান দুটি করে। 

তবে ম্যাচ হারলেও ফুটবলারদের প্রতি কোনো অভিযোগ নেই গুয়ার্দিওলার। বরং দলের প্রচেষ্টার প্রশংসা করলেন কোচ।

“আমরা ভালো খেলেছি, সত্যিই ভালো খেলেছি। তবে শেষ পাসটি আমরা ঠিকঠাক দিতে পারিনি। শেষ কাজটা আমরা করতে পারিনি। তবে ছেলেদের নিয়ে আমি গর্বিত। ওরা সবটুকু উজাড় করে দিয়েছে এবং চেষ্টার কমতি রাখেনি। আমরাই সেরা এবং আমার দলকে আমি ভালোবাসি।”

“এখন আমরা এই বাস্তবতায় আছি। আশা করি সামনে বদলে ফেলতে পারব ও প্রত্যাশিত ফল পাব। জানি, কাজটা কঠিন। ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগে লড়াইটা কঠিন। তবে। আমরা আসলেই ভালো খেলেছি।”

এই বাজে সময়টায় নিজের কাছে নিজের প্রশ্ন যে কিছু জাগছে, এটা অস্বীকার করলেন না গুয়ার্দিওলা। পাশপাশি এটিও বললেন, টালমাটাল সময়েও অটল থাকার উপায় তার ও দলের জানা আছে।

“অবশ্যই (নিজেকে প্রশ্ন করছি)… নিজের ভাবনা আছে আমার। তবে সময় ভালো হোক বা খারাপ, আমি স্থিতিশীল থাকি। স্থির থাকার পথ আমি সবসময়ই খুঁজে নেই। আমি অবিশ্বাস্যরকমের সৎ। ড্রেসিং রুমও খুবই স্থিতিশীল আছে। জিতলে আমরা খুশি থাকি, হারলে খুশি নই। এছাড়া আর কী করতে পারি! নিজেদের নিয়ে দুঃখ করতে থাকব? নাহ, আমরা উন্নতি করব ও সামনে এগিয়ে যাব।”

“এই মাসে এরকম পরিস্থিতিতে আগেও পড়েছি আমরা। কালকে আমাদের রিকভারির দিন, পরদিন ইউনাইটেড ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করব। ভালো ব্যাপারগুলোয় জোর দেব এবং আরও ভালো করার চেষ্টা করব।”

ম্যানচেস্টার সিটির পরের ম্যাচ রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগে পরের ধাপে যাওয়ার পথটি তাদের জন্য এখন কঠিন। ৩৬ দলের আসরে এখন ২২তম স্থানে আছে তারা। প্রথমিক পর্বে তাদের ম্যাচ বাকি আছে দুটি।