২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সকাল থেকে ছিলেন হাসপাতালে, রাতে বার্সেলোনার জয়ের নায়ক রাফিনিয়া

বেনফিকার বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলের পর আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী।

সকাল থেকে ছিলেন হাসপাতালে, রাতে বার্সেলোনার জয়ের নায়ক রাফিনিয়া
এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে ১১ গোল হয়ে গেছে রাফিনিয়ার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 08:27 AM

Updated : 26 Aug 2026, 12:00 PM

মৌসুম জুড়ে দারুণ ছন্দে থাকা রাফিনিয়া আরও একবার জ্বলে উঠলেন। বেনফিকার বিপক্ষে দুই গোল করে দলের জয়ে রাখলেন বড় অবদান। তবে দিনের শুরুটা তার জন্য স্বস্তিদায়ক ছিল না মোটেও। ম্যাচের সকালে যে পরিবারের সঙ্গে হাসপাতালে দৌড়াতে হয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার রাতে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে, দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা।

ঘরের মাঠে একাদশ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন রাফিনিয়াই। ২৭তম মিনিটে লামিনে ইয়ামালের চমৎকার গোলে অবদান রাখেন তিনি। পরে ৪২তম মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। 

এদিন দলের সঙ্গে যোগ দিতে দেরি হয়েছিল রাফিনিয়ার। কারণটা জানা গেল ম্যাচ শেষে। ইনস্টাগ্রাম পোস্টে তার স্ত্রী নাতালিয়া রদ্রিগেস জানান, সকালে তাদের সন্তানের সঙ্গে হাসপাতালে ছিলেন তার স্বামী।

“তোমার জন্য আমি খুবই গর্বিত, আমার ভালোবাসা। তুমি খুব সকাল থেকে আমাদের সন্তানের সঙ্গে হাসপাতালে ছিলে, তবু তুমি আবারও তোমার কাজ দুর্দান্তভাবে করতে পেরেছো। তুমি একজন অসাধারণ বাবা ও একজন সত্যিকারের পেশাদার! আমরা তোমাকে ভালোবাসি।”

১০ ম্যাচে ১১ গোল করে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়া। আসরে বেনফিকার বিপক্ষে তিন ম্যাচে তার গোল ৫টি। প্রথম পর্বে জোড়া গোলের পর শেষ ষোলোর ফিরতি লেগে তার একমাত্র গোলেই লিসবন থেকে জয় নিয়ে ফিরেছিল হান্সি ফ্লিকের দল।

১১ গোলের সঙ্গে ৫টি অ্যাসিস্টও আছে রাফিনিয়ার। ইউরোপ সেরার প্রতিযোগিতাটির এক আসরে বার্সেলোনার হয়ে তার চেয়ে বেশি গোলে সম্পৃক্ত থাকতে পেরেছেন কেবল কিংবদন্তি লিওনেল মেসি (২০১১-১২ মৌসুমে ১৪ গোল ও ৫ অ্যাসিস্ট)।