অস্ট্রেলিয়ান ওপেন
Published : 25 Jan 2026, 05:43 PM
কিংবদন্তি মার্গারেট কোর্টের সঙ্গে ভাগাভাগি করে রাখা সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটা একার করে নেওয়ার অভিযানে আরেক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। সেজন্য এবার তাকে কোর্টে নামতেও হয়নি। প্রতিপক্ষ ইয়াকুব মেনসিক সরে দাঁড়ানোয় অস্ট্রেলিয়ার ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠলেন সার্ব তারকা।
চেক রিপাবলিকের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মেলবোর্নের সন্ধ্যার সেশনে কোর্টে নামার কথা ছিল চতুর্থ বাছাই জোকোভিচের। কিন্তু পেটের চোটে চতুর্থ রাউন্ডের ম্যাচটি থেকে আগের দিন নিজেকে সরিয়ে নেন ২০ বছর বয়সী মেনসিক।
২০২৩ সালে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতে মার্গারেট কোর্টের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম (২৪) জয়ের রেকর্ড স্পর্শ করেন জোকোভিচ। ওই সময় যে ছন্দে ছিলেন তিনি, তাতে খুব দ্রুতই তিনি নতুন উচ্চতায় বসবেন, এমন ধারণা ছিল।
কিন্তু এরপর, টানা দুই বছরে কোনো মেজর জিততে পারেননি জোকোভিচ। পুরুষ-নারী মিলিয়ে কিংবদন্তি কোর্টকে ছাড়িয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নেওয়ার অপেক্ষাও তাই কেবলই বেড়েছে তার।
এবারও সেই একই স্বপ্নে এগিয়ে চলেছেন ৩৮ বছর বয়সী তারকা। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে এখন পর্যন্ত কোনো সেট হারেননি এখানে ১০ বারের চ্যাম্পিয়ন।
শেষ আটে তিনি লড়বেন পঞ্চম বাছাই ইতালির লরেন্সো মুসেত্তি কিংবা নবম বাছাই যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজের বিপক্ষে।
টুর্নামেন্টের সামনের লড়াইগুলোতেও যদি বাছাইয়ে এগিয়ে থাকা খেলোয়াড়রা প্রত্যাশিত জয় পায়, তাহলে জোকোভিচ সেমি-ফাইনালে খেলবেন দ্বিতীয় বাছাই ইয়ানিক সিনারের সঙ্গে। আর ফাইনালে তার প্রতিপক্ষ হবে নাম্বার ওয়ান কার্লো আলকারাস।