২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গত বিশ্বকাপের যন্ত্রণায় পুড়েই খাঁটি হয়েছেন ব্রাজিলের কুইয়া

গত বিশ্বকাপের ব্রাজিল দলে জায়গা না পেয়ে তার কান্নায় ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছিল, এখন তিনি কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে খেলছেন নিয়মিতই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 10:40 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

২০২২ বিশ্বকাপের ব্রাজিল স্কোয়াডে জায়গা না পেয়ে মাতেউস কুইয়ার ভেঙে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। সেই মুহূর্তটিকেই নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে করেন তিনি। ভেঙে যাওয়া হৃদয় জোড়া দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন চরম প্রতিজ্ঞায়। এখন কার্লো আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডে তার উপস্থিতি নিয়মিত। আগামী বিশ্বকাপেও খেলার আশা করছেন এই ফরোয়ার্ড।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ খেলছেন কুইয়া। আনচেলত্তির ভরসাও তিনি আদায় করে নিয়েছেন। ইতালিয়ান এই কোচ ব্রাজিলের দায়িত্ব নেওয়া পর তার ঘোষিত চারটি স্কোয়াডেই ছিল কুইয়ার নাম। সেনেগালের বিপক্ষে শনিবার লন্ডনের এমিরিটেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচেও তাকে দেখা যাবে ব্রাজিলের জার্সিতে।

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মঙ্গলবার কুইয়া ফিরে গেলেন তিন বছর আগের সময়টায়। দুঃসহ সেই অধ্যায় তাকে আরও পোক্ত করেছে বলেই মনে করেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। 

“জীবনে প্রতিটি মূহূর্তই আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ। কাতার বিশ্বকাপের দলে জায়গা না পাওয়াটা ছিল যন্ত্রণাময়। তবে এটা আমাকে শিক্ষা দিয়েছে ধাক্কাগুলোর জন্য ভিন্নভাবে মানিয়ে নিতে। আরও পরিণত হয়ে উঠেছি আমি। সেই হতাশাই আমাকে অনুপ্রাণিত করেছে আজকের অবস্থানে আসতে।”

সেই সময়টায় কুইয়া খেলতেন আতলেতিকো মাদ্রিদে। পরে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে বছর দুয়েক খেলে গত জুনে পা রাখেন ওল্ড ট্র্যাফোর্ডে। নতুন ক্লাবে নিজেকে মেলে ধরেছেন নতুন রূপে। সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্সে যে উন্নতির গান, সেখানে সুর বেঁধে দেওয়া ফুটবলারদের একজন কুইয়া। হুবেন অ্যামুরির দলে তিনি হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ একজন।

জাতীয় দলেও নিয়মিত হয়ে উঠতে ইউনাইটেডের হয়ে পারফরম্যান্সেরই বড় ভূমিকা দেখেন তিনি।

“ম্যানচেস্টার ইউনাটেড এমন একটি ক্লাব, যাদের সবসময়ই শীর্ষে থাকা উচিত। মাঠে নিজেদেরে মেলে ধরছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছে, এমন একটি দলে খেলতে পেরে আমি কৃতজ্ঞ। জাতীয় দলে জায়গা আদায় করে নিতে হলে ক্লাব পর্যায়ে নিজের উপযোগিতা প্রমাণ করতে হয় প্রতিনিয়ত। এখানে আমি তা পারছি।”

অ্যামুরির মতো আনচেলত্তির আস্থাও আদায় করে নিয়েছেন কুইয়া। ব্রাজিলের হয়ে গত কয়েক মাসে নানা সময়ে কখনও তাকে উইঙ্গার, কখনও প্রথাগত ফরোয়ার্ড, কখনও হাইব্রিড অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা গেছে।

কুইয়া বললেন, কোচের আস্থা পেয়েই বিভিন্ন পজিশনে খেলার জন্য প্রস্তুত থাকেন তিনি।

“বিভিন্ন পজিশনে খেলার উপযুক্ত হিসেবে আমার ওপর ভরসা রাখেন ম্যানেজার, এটা জানতে পারাটা গুরুত্বপূর্ণ। এটা আমাকে কার্যকর হয়ে ওঠার দায়িত্ব দেয় এবং আমাকে কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করে, যেখানেই তিনি আমাকে খেলান না কেন। পজিশন যেটিই হোক, আমি জানি যে নিজেকে মেলে ধরতে হবে এবং নিজেকে প্রমাণে তৈরি থাকতে হবে।”