ইন্টার ম্যাচে ‘১০০০ পারসেন্ট পেনাল্টি’ না পাওয়ায় ক্ষুব্ধ আর্তেতা
মিকেল মেরিনোর হ্যান্ডবলে পেনাল্টি দেওয়া মানতে পারছেন না আর্সেনাল কোচ।
একের পর এক আক্রমণে ইন্টার মিলানকে কোণঠাসা করে রেখেও লাভ হয়নি আর্সেনালের। উল্টো বিতর্কিত পেনাল্টি থেকে গোল হজম করে হেরে গেছে তারা। রেফারির ওই পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না মিকেল আর্তেতা। একই সঙ্গে আর্সেনাল কোচের ক্ষোভ আরও বেড়ে যাচ্ছে, নিজেদের পক্ষে পেনাল্টির একটি সিদ্ধান্ত না আসায়।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে সান সিরোয় ১-০ গোলে হেরে যায় আর্তেতার দল। ম্যাচের একমাত্র গোলটি করেন ইতালিয়ান চ্যাম্পিয়নদের তুর্কি মিডফিল্ডার হাকান কালহানোগলু।
প্রথমার্ধের যোগ করা সময়ে আর্সেনালের বক্সে তাদের মিডফিল্ডার মিকেল মেরিনোর হাতে বল লাগলে পেনাল্টি পায় ইন্টার। সফল স্পট কিকে গোলটি করেন কালহানোগলু। এই ব্যবধান আর ঘোচাতে পারেনি আর্সেনাল।
অথচ ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে তারাই। প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২০টি শট নেয় দলটি। যদিও লক্ষ্যে রাখতে পারে কেবল চারটি। আর ইন্টার সাত শট নিয়ে ওই একটিই লক্ষ্যে রাখতে পারে।
আর্সেনাল গোল হজম করার ১৭ মিনিট আগে ঘটে আরেকটি কাণ্ড। ইন্টারের বক্সে হেড করার জন্য লাফিয়ে ওঠেন মেরিনো, আর বল ক্লিয়ার করতে পাঞ্চ করার চেষ্টা করেন সফরকারী গোলরক্ষক ইয়ান সমের, সেই চেষ্টায় তার হাত লাগে মেরিনোর মাথায়।
আর্তেতার মতে, অবশ্য সেটা ঘুষি ছিল। তার দাবি, ডি-বক্সে সমেরের সেই ঘটনায় নিশ্চিত পেনাল্টি পাওয়ার কথা ছিল তাদের। ম্যাচ শেষে এনিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি।
“আমি বুঝতে পারছি না (হ্যান্ডবলের সিদ্ধান্তটি)। সেখানে কোনো প্রকার বিপদের কিছু ছিল না। বল এতটাই কাছে ছিল যে, প্রতিক্রিয়া (সরে যাওয়া) দেখানোর সময় ছিল না। কিন্তু, ঠিক আছে। তারা এটা পেনাল্টি দিয়েছে।”
“কিন্তু, সেটা যদি পেনাল্টি হয়, তাহলে মিকেল মেরিনোর মাথায় ঘুষি মারার ঘটনায় ১০০০ শতাংশ পেনাল্টি দিতে হবে। ম্যাচটিতে এইগুলোই ব্যবধান গড়ে দিয়েছে এবং এটি মেনে নেওয়া খুব কঠিন।”
প্রিমিয়ার লিগে আচমকা ব্যর্থতার গণ্ডিতে বন্দি হয়ে পড়া আর্সেনাল ইউরোপ সেরার লড়াইয়ে ঠিক পথেই এগিয়ে যাচ্ছিল। ড্রয়ে আসর শুরুর পরের দুই রাউন্ডে জিতেছিল তারা, এবার এখানেও হেরে গেল দলটি। ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে এখন দ্বাদশ অবস্থানে আছে তারা।
আর্সেনালের পরের ম্যাচ প্রিমিয়ার লিগে, আগামী রোববার চেলসির বিপক্ষে।
