Published : 30 May 2026, 05:01 PM
দলের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহর নেতৃত্বেই বিশ্বকাপ খেলতে যাচ্ছে মিশর।
আসছে বিশ্বকাপের জন্য শনিবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দলটির প্রধান কোচ হোসেম হাসান।
দলটির আক্রমণভাগে আছেন আরেক তারকা ওমার মার্মুশ। ২০২৫-২৬ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ৩৬ ম্যাচ খেলে আটটি গোল করেছেন এই ফরোয়ার্ড। উন্নতির পথচলায় এবার তার সামনে প্রথম বিশ্বকাপ খেলার হাতছানি।
হোসেম হাসানের দলে খুব বেশি চমক নেই। তবে, সম্ভাবনাময় স্ট্রাইকার হামজা আব্দেল কারিম জাতীয় দলে পাঁচ মিনিট খেলেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। গত বৃহস্পতিবার রাশিয়ার বিপক্ষে ১-০ গোলে জেতা প্রীতি ম্যাচে ৮৬তম মিনিটে বদলি নেমে জাতীয় দলে তার অভিষেক হয়।
১৮ বছর বয়সী এই ফুটবলার মিশরের বড় ক্লাব আল আহলি থেকে ধারে বার্সেলোনায় গিয়ে, লা লিগা চ্যাম্পিয়নদের ‘বি’ দলে খেলছেন।
আগামী ৬ জুন ওহাইওতে ব্রাজিলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মিশর।
এরপর, ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে মিশরের। ‘জি’ গ্রুপের অন্য দুই দল হলো ইরান ও নিউ জিল্যান্ড।