তহুরা-প্রীতির নৈপুণ্যে এআরবি কলেজের প্রথম জয়
উইমেন’স লিগের চলমান আসরে প্রথম জয়ের স্বাদ পেল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে হেরে উইমেন’স লিগ শুরুর ধাক্কা দ্বিতীয় ম্যাচে সামলে নিল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। তহুরা খাতুন ও সুরভি আখন্দ প্রীতির জোড়া গোলে গত আসরের রানার্সআপরা তুলে নিল প্রথম জয়।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার ৬-০ গোলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারায় এআরবি কলেজ। সেনাবাহিনীর বিপক্ষে লিগের উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে হেরেছিল তারা।
৩৫তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। সতীর্থের ক্রসে প্লেসিং শটে দলকে এগিয়ে নেন তহুরা। পরের মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন আফিদা খন্দকার; বলের লাইনে ঝাঁপিয়েও ফেরাতে পারেননি ফরাশগঞ্জ গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে বড় জয় তুলে নেয় এআরবি কলেজ। ৬২তম মিনিটে কর্নারের পর বক্সে বিনা পাহারায় থাকা হালিমা আক্তার ঠাণ্ডা মাথার শটে ব্যবধান বাড়ান। পাঁচ মিনিট পর সতীর্থের ক্রসে দূরের পোস্টে তহুরা প্লেসিং শটে স্কোরলাইন করেন ৪-০।
ছয় মিনিটে জোড়া গোল করেন প্রীতি। ৭৬তম মিনিটে শট ফেরালেও বল গ্লাভসে জমাতে পারেননি গোলরক্ষক, সামনে থাকা প্রীতি টোকায় নিজের প্রথম গোলটি করেন। ৮২তম মিনিটে হেড ফিস্ট করেও ক্লিয়ার করতে পারেননি গোলরক্ষক, আলগা বল জালে পাঠান প্রীতি।
দিনের প্রথম ম্যাচে, ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে শেষ দিকের গোলে জিতেছে উত্তরা ফুটবল ক্লাব। ৮২তম মিনিটে কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন জোছনা। এই গোলই আগলে রেখে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তরা।
