২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার চেয়ে আরও পিছিয়ে আলোন্সো বললেন, ‘লিগের এখনও অনেক বাকি’

সেল্তা ভিগোর বিপক্ষে হারের পর রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো বললেন, ম্যানচেস্টার সিটির বিপক্ষে সামনের ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চান তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 12:27 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

শীর্ষস্থান হাতছাড়া হয়েছে আগেই। এখন বাড়ছে ব্যবধান। পয়েন্ট তালিকায় তিনে নেমে যাওয়ার শঙ্কাও আছে। এতে হতাশ হলেও হাল ছাড়ছেন না শাবি আলোন্সো। লিগ শিরোপার লম্বা দৌড়ে লড়াই চালিয়ে যেতে চান রেয়াল মাদ্রিদ কোচ। এখনকার দুঃসময় পেছনে ফেলে তিনি ঘুরে দাঁড়াতে চান সামনের ম্যাচেই, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে।

লা লিগায় রোববার ঘরের মাঠেই রেয়াল ২-০ গোলে হেরে গেছে সেল্তা ভিগোর বিপক্ষে। 

এই নিয়ে লিগে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই পয়েন্ট হারাল রেয়াল। টানা তিনটি ড্র করার পর একটি ম্যাচ তারা জিতেছিল। কিন্তু এরপরই আবার এভাবে হেরে বসল।

পয়েন্ট হারানোর এই ধারায় ক্রমে পিছিয়ে পড়ছে তারা শিরোপার লড়াইয়ে। কিছুদিন আগেও যে দল ছিল শীর্ষে শক্ত অবস্থানে, এখন ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার দুইয়ে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট পাওয়া ভিয়ারেয়ালের সুযোগ আছে দুইয়ে ওঠার।

সেল্তা ভিগোর বিপক্ষে হতাশাময় ম্যাচটি রেয়াল শেষ করে ৯ জন নিয়ে। ৬৪তম মিনিটে লাল কার্ড দেখেন ফ্রান গার্সিয়া, শেষ সময়ে আলভারো কাররেরাস। আরেকটি বড় ধাক্কা আসে ম্যাচের শুরুর দিকেই। চোট নিয়ে ২৪তম মিনিটে মাঠ ছাড়েন আরেক ডিফেন্ডার এদের মিলিতাও। 

ম্যাচের পর কোচ শাবি আলোন্সোর কণ্ঠেও ফুটে উঠল হতাশার সুর। 

“আমরা সবাই হতাশ, ক্ষুব্ধ। এরকম ম্যাচ আমরা চাইনি, এই ফলও নয়। একদম শুরু থেকেই… মিলিতাওয়ের চোটের কারণে ভুগতে হয়েছে আমাদের, এরপর নিজেদের গুছিয়ে নিতে কঠিন সময় গেছে। পরে কিছুটা গুছিয়ে নিলেও প্রত্যাশিত ফল মেলেনি।”

পরাজয়ের পর রেয়াল মাদ্রিদের কোচ আঙুল তুললেন রেফারির দিকেও। 

“রেফারির সিদ্ধান্তে আমরা বিচলিত। হারানো সময়কে বিবেচনায় নেয়নি সে। প্রতিপক্ষ চেষ্টা করেছে আমাদের গতি বাধাগ্রস্ত করতে এবং সে সেগুলো হতে দিয়েছে। আলভারোর কার্ড… জানি না… বিতর্কিত ছিল… আমার ভালো লাগেনি সেটা। ওই ঘটনার পর আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। ওই সময়গুলোতে সে আমাদেরকে কিছুটা ম্যাচের বাইরে ব্যস্ত রেখেছে।”

হতাশ হলেও আলোন্সো জানেন, মৌসুমের বেশিরভাগই এখনও বাকি। দ্রুতই নিজের দলকে জ্বলে উঠতে দেখতে চান তিনি। সেটি বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়েই। 

“আমরা সবাই একতাবদ্ধ। আমরা জানি, ফুটবল এমনই। সামনে তাকাতে হবে আমাদের। আমরা জানি, আমাদের কাছে প্রত্যাশা কেমন… এই পরাজয় আমাদেরকে কষ্ট দেবে, তবে সামনে তাকাতে হবে। আমাদের সবার দায় এটি, একসঙ্গেই সবকিছু ভালো করতে হবে। আমরা জানি, যে পয়েন্টগুলো হারিয়েছি, তা গুরুত্বপূর্ণ, তবে চূড়ান্ত নির্ধারক নয়। অনেক পথ বাকি এখনও।”

 “যত দ্রুত সম্ভব ঘুরে দাঁড়াতে হবে। স্রেফ তিন পয়েন্টের ব্যাপার (চার পয়েন্ট), লিগের এখনও অনেক বাকি। বুধবার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে আমাদের। সেখানেই সুযোগ ঘুরে দাঁড়ানোর এবং এই তেতো স্বাদ মুছে ফেলার।”

চ্যাম্পিয়ন্স লিগেও এবার এখনও পর্যন্ত অধারাবাহিক রেয়াল। সবশষ ম্যাচে অলিম্পিয়াকোসের সঙ্গে তুমুল উত্তেজনাপূর্ণ লড়াইয়ে জিতেছে ৪-৩ গোলে। আগের ম্যাচে হেরেছে লিভারপুলের কাছে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তারা আছে পাঁচে।