১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আর্জেন্টিনার এই অর্জন ঐতিহাসিক’

টানা দ্বিতীয় ও সবশেষ চার আসরে তৃতীয়বারের মতো সেমি-ফাইনালে খেলবে আর্জেন্টিনা।

‘আর্জেন্টিনার এই অর্জন ঐতিহাসিক’
ম্যাচ শেষে লিওনেল মেসিদের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 12:03 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

শিরোপা ধরে রাখার অভিযানে শেষ চারে পৌঁছেছে আর্জেন্টিনা। নিজেদের ইতিহাসে কেবল দ্বিতীয়বারের মতো টানা দুবার সেমি-ফাইনালে খেলবে তারা। লিওনেল স্কালোনির কাছে দলের এই অর্জন ঐতিহাসিক।  

আসরের শেষ কোয়ার্টার-ফাইনালে ক্যানসাস সিটিতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। 

১৯৮৬ ও ১৯৯০ আসরেই কেবল টানা দুইবার সেমি-ফাইনালে খেলেছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা। বিশ্বকাপে শেষ চারের লড়াইয়ে কখনও না হারা লাতিন আমেরিকার দেশটি এবার খেলবে ইংল‍্যান্ডের বিপক্ষে।

এবারের নকআউট পর্বে আর্জেন্টিনার ভোগান্তি যেন কমছেই না। তিন ম‍্যাচের মধ‍্যে দ্বিতীয়বার অতিরিক্ত সময়ে গেল ম‍্যাচ। শেষ পর্যন্ত থাকতে হলো উৎকণ্ঠায়।  

দশম মিনিটে এগিয়ে যাওয়ার পর ৬৭তম মিনিটে গোল হজম করে আর্জেন্টিনা। ৭২তম মিনিটে বাগাইল এমবোলোর দ্বিতীয় হলুদ কার্ডে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল‍্যান্ড। 

এরপরও তাদের রক্ষণ ভাঙতে পারছিলেন না লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেসরা। অবশেষে ১১২তম মিনিটে চমৎকার গোলে দলকে এগিয়ে নেন আলভারেস। যোগ করা সময়ে আরেকটি গোল করেন মার্তিনেস। 

সুইজারল‍্যান্ডকে হারিয়ে সামনে তাকাচ্ছেন স্কালোনি। কষ্টের জয়ে যে অর্জন হাতে ধরা দিয়েছে সেটাকে বড় করে দেখছেন আর্জেন্টিনা কোচ।

“এই দল আজ যা অর্জন করেছে তা ঐতিহাসিক। যদিও আমরা হয়তো আরও ভালো খেলতে পারতাম, তবে আবার সেমি-ফাইনালে জায়গা করে নেওয়া ঐতিহাসিক ব্যাপার।”