২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাইসেদোর লাল কার্ড প্রাপ্য, তাহলে ইনকাপিয়ে কেন বহিষ্কৃত হলো না’

প্রিমিয়ার লিগে রেফারিদের সিদ্ধান্ত নেওয়ার ধরন ও মান নিয়ে প্রশ্ন তোলেন চেলসি কোচ।

‘কাইসেদোর লাল কার্ড প্রাপ্য, তাহলে ইনকাপিয়ে কেন বহিষ্কৃত হলো না’
চেলসি কোচ এন্টসো মারেস্কো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

আর্সেনালের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ লড়াইয়ে মোইসেস কাইসেদো প্রথমার্ধে লাল কার্ড দেখায় বড় এক ঘাটতি নিয়েই লড়াই চালিয়ে যেতে হয় চেলসির। এই মিডফিল্ডারের বহিষ্কৃত হওয়া নিয়ে অবশ্য কোনো প্রশ্ন নেই চেলসির কোচ এন্টসো মারেস্কোর। তবে তার অভিযোগ প্রিমিয়ার লিগে রেফারিদের সিদ্ধান্তের ধরন ও ধারাবাহিকতা নিয়ে।

স্ট্যামফোর্ড ব্রিজে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩৮তম মিনিটে মিকেল মেরিনোকে বাজেভাবে ফাউল করে বহিষ্কার হন একুয়েডরের মিডফিল্ডার কাইসেদো। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও, পরে মনিটরে রিপ্লে দেখে সরাসরি লাল কার্ড দেখান।

১০ জনের দলে পরিণত হলেও চেলসির আক্রমণের ধার অবশ্য তেমন কমেনি। বরং দ্বিতীয়ার্ধের শুরুতে ট্রেভো শ্যালাবার গোলে এগিয়ে যায় তারা। পরে মেরিনোর গোলে সমতায় ফেরে আর্সেনাল। শেষ পর্যন্ত ১-১ ড্রয়েই শেষ হয় লড়াই।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কাইসেদোর প্রসঙ্গ উঠলে মারেস্কা বলেন, তার লাল কার্ডই প্রাপ্য ছিল। তবে, শ্যালাবার মুখে কনুই মারার দায়ে পিয়েরো ইনকাপিয়েকেও বহিষ্কার করা উচিত ছিল বলে মত তার। বল দখলে দুজনই লাফিয়ে উঠলে ইনকাপিয়ের কনুই শ্যালাবার মুখে আঘাত করে। চেলসির খেলোয়াড়রা পেনাল্টির দাবি জানালেও রেফারির সাড়া মেলেনি।

শুধু তাই নয়, প্রিমিয়ার লিগে রেফারিং নিয়ে নিজের অসন্তোষ জানাতে গত ১ নভেম্বর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে চেলসির ১-০ গোলে জয়ের ম্যাচের কথাও উল্লেখ করেন মারেস্কা। টটেনহ্যামের মাঠে ওই ম্যাচে রিস জেমসকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন রদ্রিগো বেন্তানকুর।

চেলসি অধিনায়ক জেমসের দাবি, বহিষ্কার না হওয়ায় নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারে ইনকাপিয়ে। মারেস্কাও তাই মনে করেন।

“আমার মতে, রিস ঠিকই বলেছে, কিন্তু…তারা আমার কাছে মোইয়ের (কাইসেদো) লাল কার্ড নিয়ে প্রশ্ন করেছে, এই লাল কার্ডের সিদ্ধান্ত ঠিকই আছে। কিন্তু, (টটেনহ্যাম ম্যাচে) রিসকে ফাউল করায় বেন্তানকুর লাল কার্ড পেল না কেন?”

“আমাদের মতো কোচদেরও বিষয়টা বুঝতে সমস্যা হয়, তারা কেন নানাভাবে সিদ্ধান্ত নেয়। মোইয়েরটা লাল কার্ড, হ্যাঁ। বেন্তানকুরেরটাও লাল কার্ড, হ্যাঁ। তাহলে তাকে কেন দেওয়া হলো না? এটাই বুঝতে আমাদের সমস্যা হয়।”

ম্যাচের পর রেফারির সঙ্গে কথাও বলেন মারেস্কা। সেই বিষয়ে জানালেন তিনি।

“বাস্তবতা হলো যে এটা একটা লাল কার্ডের মতো ঘটনা। তবে, তারা কেন ভিন্নভাবে বিচার করে? এবং ট্রেভোর ওই ঘটনা, ওই বিষয়েও রেফারিকে আমি প্রশ্ন করেছি। তিনি আমাকে জানালেন, ওটা কনুই মারা ছিল না। তার (শ্যালাবা) চোখের নিচে কালশিটে পড়ে গিয়েছিল, বিরতির সময় বরফ দিয়ে রেখেছিল, কিন্তু তারা ভিন্নভাবে ঘটনার বিচার করে।”

ঘটনাবহুল লড়াইটি ড্র হওয়ায় পয়েন্ট টেবিলে দুই দলের মাঝে ব্যবধান আছে আগের মতোই। 

১৩ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। 

তৃতীয় স্থানে চেলসির পয়েন্ট ২৪।