২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র এশিয়া কাপ হকিতে আবার যুবাদের হার

মালয়েশিয়ার বিপক্ষে তৃতীয় কোয়ার্টারে সমতায় ফিরলেও, শেষ কোয়ার্টারের মলিন পারফরম্যান্সে হেরেছে যুবারা।

জুনিয়র এশিয়া কাপ হকিতে আবার যুবাদের হার
এ নিয়ে টানা দুই ম্যাচ হারল যুবারা। ছবি: বাহফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 03:24 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

মালয়েশিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে নিল বাংলাদেশ। আব্দুল্লাহ-মাহাদীর গোলে ফিরল সমতায়। কিন্তু শেষ কোয়ার্টারে ফের খেই হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে হেরে গেল তারা।

তিনজিয়ানে রোববার পুল-বি এর ম্যাচে ৪-২ গোলে হেরেছে বাংলাদেশ। 

চীনের বিপক্ষে ৩-২ গোলে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ।

প্রথম কোয়ার্টারে দুই দলই ছিল সমানে সমান। জালের দেখা পাইনি কেউ। দ্বিতীয় কোয়ার্টারে দুই মিনিটের মধ্যে দুই গোল করে বাংলাদেশকে চাপে ফেলে দেয় মালয়েশিয়া। পাল্টা জবাব দিতে দেরি করেনি দল।

২৪তম মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ সতীর্থের পাস ধরে সার্কেলে ঢুকে জোরাল হিটে বাংলাদেশকে দেন ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। ৩৩তম মিনিটে দুরূহ কোণ থেকে রিভার্স হিটে সমতা ফেরান মাহাদী হাসান। চীনের বিপক্ষেও জালের দেখা পেয়েছিলেন তিনি।

চতুর্থ কোয়ার্টারে তিন মিনিটের মধ্যে ফাহমি সুজাইনির জোড়া গোলে জয় তুলে নেয় মালয়েশিয়া।

টানা দুই ম্যাচ হারা বাংলাদেশ পুল পর্বে পরের ম্যাচে মঙ্গলবার খেলবে কাজাখস্তানের বিপক্ষে। এই দুই দলই পয়েন্ট পায়নি এখনও।