সুযোগ হাতছাড়া করার আক্ষেপ রাফিনিয়ার
ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের মতে, ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের ভালো সুযোগ ছিল তাদের।
সবকিছু ঠিকঠাকই চলছিল। ভেনেজুয়েলার বিপক্ষে দারুণ এক জয়ের আশাও জাগিয়েছিল ব্রাজিল। কিন্তু ভিনিসিউস জুনিয়রের পেনাল্টি মিস এবং এর আগে-পরে আরও কয়েকটি সুযোগ নষ্ট করে ড্রয়ে মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যা মানতে কষ্ট হচ্ছে দলটির তারকা ফরোয়ার্ড রাফিনিয়ার।
ব্যর্থতার বলয় ভেঙে অক্টোবরে চিলির মাঠে ২-১ গোলে জয়ের পর, পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। তাদের সেই ছন্দে ফেরার আভাস একমাসের মধ্যেই মিলিয়ে গেল।
বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ম্যাচে ভেনেজুয়েলার মাঠে শুরুতে একটি সুযোগ হাতছাড়া করলেও পরে নিজেই দলকে এগিয়ে নেন রাফিনিয়া। পরে তেলাস্কো সেগোভিয়ার গোলে ১-১ সমতায় মাঠ ছাড়ে ভেনেজুয়েলা।
ম্যাচের নবম মিনিটে প্রতিপক্ষের ভুলে দারুণ এক সুযোগ পান রাফিনিয়া। ক্ষিপ্রতায় বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে কাটব্যাক করেন ভিনিসিউস, দারুণ পজিশনে বল পেয়ে উড়িয়ে মেরে দলকে হতাশ করেন তিনি। পরে ৪৩ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিকে রাফিনিয়াই দলকে উল্লাসে ভাসান।
দ্বিতীয়ার্ধের শুরুতে তেলাস্কো সমতা ফেরালে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ৫৯তম মিনিটে ফের এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগও পায় তারা। কিন্তু রেয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউসের দুর্বল স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক; তারপরও সুযোগ ছিল, কিন্তু ফিরতি বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।
ম্যাচে দাপট দেখালেও শেষ পর্যন্ত জিততে না পারার আক্ষেপে পুড়ছেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান টিভি গ্লোবোকে তিনি বলেন, জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন তারা।
“খুবই দুঃখজনক ব্যাপার। কারণ, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয় এবং আমি মনে করি আমরা ম্যাচটি জিততে পারতাম।”
“আমরা জানতাম, লড়াইটি কঠিন হবে। তাদের (ভেনেজুয়েলা) দলের মানও ভালো। কিন্তু মাঠে মাঝেমধ্যে ঘটে যাওয়া কিছু ঘটনার জন্য পরিস্থিতি জটিল হয়ে যায়, বিশেষ করে যখন আপনি সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ হন। জয়ের ধারায় ফিরতে আমাদের কাজ করে যেতে হবে।”
ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করেও অবশ্য লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে এগিয়েছে ব্রাজিল। ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে তিনে তারা। দলটির পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে, উরুগুয়ের বিপক্ষে।
