২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেদ্রিকে ফিরে পেয়ে ব্যর্থতা মুছে ফেলার আশায় স্ট্যান্সনি

চোটের ধাক্কা সামলে আক্রমণভাগেও কিছুটা শক্তি বেড়েছে কাতালান ক্লাবটির।

পেদ্রিকে ফিরে পেয়ে ব্যর্থতা মুছে ফেলার আশায় স্ট্যান্সনি
বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 04:42 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

সবকিছু ঠিকঠাক চলার মাঝেই চার দিনের মধ্যে দুটি পরাজয়ে বেশ বেকায়দায় পড়েছে বার্সেলোনা। ছিটকে পড়ার শঙ্কা জেগেছে কোপা দেল রে থেকে, আর লিগ টেবিলে হারিয়েছে শীর্ষস্থান। এতে হঠাৎ কোণঠাসা হয়ে পড়া দলটির জন্য সুসংবাদ হয়ে এসেছে পেদ্রির অনুশীলনে ফেরা। তারকা সতীর্থকে ফিরে পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন দলটির অভিজ্ঞ গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনি।

মৌসুমে সব শিরোপা জয়ের লক্ষ্যে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা। কিন্তু গত বৃহস্পতিবার তারা কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়।

এরপর, গত সোমবার দলটি লা লিগায় হেরে বসে জিরোনার মাঠেও, ২-১ গোলে। মৌসুমের খুব গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সময়ে এমন ছন্দপতন কাতালান ক্লাবটির জন্য বড় দুর্ভাবনার কারণ।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন পেদ্রি। আর কঠিন পরিস্থিতিতে মাঝমাঠের ভরসা ফেরায় নতুন করে প্রেরণা পাচ্ছেন পোলিশ গোলরক্ষক স্ট্যান্সনি।

“পেদ্রি চোটের কারণে বাইরে থাকার সময় তাকে আমরা কতটা মিস করেছি, মানুষ এটা বুঝতেও পারছে না। এমনকি ম্যাচ জয়ের পথে ছিলাম. তখন যেন কিছু একটা ঘাটতি ছিল। আমার কাছে, তার পজিশনে সেই বিশ্বের সেরা।” 

“মাঠে তার উপস্থিতি ও খেলার মধ্যে সবকিছু ফুটে ওঠে; ছন্দ, আত্মবিশ্বাস, দলের পরিচিতি। এখন যেহেতু সে ফিরেছে, আমরা অসাধারণ কিছু জয়ের জন্য কাজ করতে পারি। পেদ্রি মাঠে থাকলে আমরা ভিন্ন এক দল। সে অসম্ভব কিছুকেও সহজ করে তোলে এবং তাকে নিয়ে বার্সার জন্য সবই সম্ভব।”

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী রোববার লা লিগায় লেভান্তের বিপক্ষে খেলবে বার্সেলোনা। ঘরের মাঠের ওই ম্যাচ দিয়েই স্কোয়াডে ফিরতে পারেন পেদ্রি। তবে শুরুর একাদশে এই স্প্যানিয়ার্ডের খেলার সম্ভাবনা কম।

হাঁটুর সমস্যা কাটিয়ে পেদ্রির সঙ্গে অনুশীলনে ফিরেছেন মার্কাস র‍্যাশফোর্ডও। দলের গত দুই হারের ম্যাচের খেলতে পারেননি এই ইংলিশ ফরোয়ার্ড।

২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।