‘টটেনহ্যামের মাঠে জিততেই হবে, নয়তো আর্সেনাল চ্যাম্পিয়ন হয়ে যাবে’
টটেনহ্যাম স্টেডিয়ামে টানা চার লিগ ম্যাচে হারের ধারায় ম্যানচেস্টার সিটি যদি ছেদ টানতে না পারে, তাহলে এগিয়ে যাবে আর্সেনাল।
একটুখানি পা হড়কালেই বিপদ, হাতছাড়া হয়ে যেতে পারে লিগ শিরোপা। ঝুকিপূর্ণ এমন পরিসংখ্যান সামনে রেখে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে খেলতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি, যে মাঠে তারা প্রিমিয়ার লিগে চার ম্যাচ খেলে হেরেছে সবগুলোই। তবে এবার এই ব্যর্থতার জাল ছিড়ে বের হওয়ার ব্যাপারে আশাবাদী সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
প্রথম দল হিসেবে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ জয়ের পথে এখনও ভালো অবস্থানে আছে সিটি। শিরোপা প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে আপাতত ১ পয়েন্টে পিছিয়ে থাকলেও তারা ম্যাচ খেলেছে একটি কম। ফলে, নিজেদের শেষ দুই ম্যাচে জিতলে চ্যাম্পিয়ন হবে গুয়ার্দিওলার দল।
৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি।
শিরোপাভাগ্য তাই পরিষ্কার সিটির হাতে; কিন্তু টটেনহ্যামের এই মাঠে নিজেদের বাজে পারফরমান্সই দলটির জন্য কিছুটা দুর্ভাবনার কারণ হয়ে উঠেছে। ২০১৯-২০ মৌসুম থেকে টটেনহ্যাম স্টেডিয়ামে খেলছে লন্ডনের দলটি। সেই থেকে এখানে লিগে চারটি ম্যাচ খেলে প্রতিবার হেরেছে সিটি, এমনকি এই চার ম্যাচে একবারও জালের দেখা পায়নি তারা।
এই ধারা ভাঙার মিশনে মঙ্গলবার টটেনহ্যামের আঙিনায় নামবে সিটি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত একটায়। আগের দিন সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বললেন, এবার তারা ব্যর্থ হলে শিরোপা জয়ের আশাও শেষ হয়ে যাবে।
“(টটেনহ্যামের মাঠে) যদি জিততে না পারি, তাহলে আমরা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবো না। সুতরাং, এই কাজটাই আমাদের করতে হবে, জিততে হবে।”
“ওখানে খেলা সবসময়ই অনেক কঠিন, বিশেষ করে এই মৌসুমে। তারা খুবই আক্রমণাত্মক। অ্যানফিল্ডে তারা ৪-০ গোলে হারের পথে ছিল, তারপরও তারা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল।”
গত ৫ মে লিভারপুলের মাঠে লিগ ম্যাচে প্রথম ঘণ্টায় চার গোল খেয়ে বসে টটেনহ্যাম। তবে হাল না ছেড়ে লড়াই চালিয়ে যায় তারা, পাঁচ মিনিটে দুই গোল করে নতুন নাটকীয়তার আভাসও দেয়। শেষ পর্যন্ত অবশ্য হেরে যায় ৪-২ ব্যবধানে। দলটির এই লড়াকু মানসিকতার কথাই স্মরণ করিয়ে দিলেন গুয়ার্দিওলা।
স্পার্স নামে পরিচিত দলটির নতুন এই মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ হারের পর সিটি প্রথম জয়ের দেখা পায় গত জানুয়ারিতে, এফএ কাপে। ১-০ গোলে জিতেছিল গুয়ার্দিওলার দল।
সেই ছন্দ এবার টেনে নিতে মরিয়া সিটিকে গত মৌসুমে ট্রেবলসহ অসংখ্য শিরোপা জেতানো গুয়ার্দিওলা।
“আমরা জানি, যে কীসের জন্য লড়ছি আমরা। জানি, আবারও এই অবস্থায় আসা কতটা কঠিন, তবে আমাদের সামনে অনন্য কিছু অপেক্ষা করছে।”
প্রিমিয়ার লিগে গত ৬ ডিসেম্বরের পর থেকে আর হারেনি সিটি। জিতেছে সবশেষ সাত ম্যাচেই; এই ম্যাচগুলোয় তারা গোল করেছে ২৮টি, হজম করেছে মাত্র পাঁচটি। দলের দারুণ এই পারফরম্যান্সে আরও আশাবাদী হয়ে উঠেছেন গুয়ার্দিওলা।
“দল ধারাবাহিকভাবে পারফর্ম করছে এবং এটাই বাস্তবতা…আমি খেলোয়াড়দের (আরও) ভালো করতে তাড়িত করি, তারাও আমাকে তাই করে।”
“আমরা খুব বিশেষ কিছু করার চেষ্টা করছি, তাই এবারও আমাদের তেমন কিছু করতে হবে। এবারই এটা করার সময়, নয়তো আর্সেনাল চ্যাম্পিয়ন হয়ে যাবে।”
টটেনহ্যামের জন্যও আসছে ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ; এখানে হেরে গেলে আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে। ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা।
