Published : 01 Sep 2026, 10:26 PM
চলতি মৌসুমের প্রথম ক্লাসিকোর তারিখ ও সময় চূড়ান্ত হয়েছে। আগামী ২৫ অক্টোবর কাম্প নউয়ে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের লা লিগার ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়।
রেয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরার পর জোসে মরিনিয়োর প্রথম ক্লাসিকো হবে এটি। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত মাদ্রিদের দলটির কোচ হিসেবে প্রথম মেয়াদে প্রথমে পেপ গুয়ার্দিওলা এবং পরে তিতো ভিলানোভার বার্সেলোনার বিপক্ষে আধুনিক ফুটবলের সবচেয়ে উত্তপ্ত কিছু ক্লাসিকোর সাক্ষী হয়েছিলেন এই পর্তুগিজ।
টানা দুইবার লা লিগা শিরোপাজয়ী হান্সি ফ্লিকের বার্সেলোনাকে টপকে লিগ চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ নিয়ে এই মৌসুমে দ্বিতীয়বারের মতো রেয়ালের দায়িত্ব নেন তিনি।
এবার দুই দলই মৌসুমের শুরুটা খুব ভালো করেছে, প্রথম তিন ম্যাচেই জিতেছে এবং নিজ নিজ দলের আক্রমণভাগের শক্তি প্রদর্শন করেছে।
বার্সেলোনা তিন ম্যাচে গোল করেছে মোট ১২টি, যার মধ্যে এলচে ও রায়ো ভাইয়েকানো বিপক্ষে পাঁচটি করে গোল করেছে কাতালান দলটি।
স্কোয়াডে কোনো স্বীকৃত স্ট্রাইকার না থাকায় নাম্বার নাইনের ভূমিকায় খেলে লিগে সর্বোচ্চ পাঁচটি গোল করেছেন বার্সেলোনা অধিনায়ক হাফিনিয়া। আরেক তারকা লামিন ইয়ামাল সোমবার ভাইয়েকানোর বিপক্ষে ৫-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করে এই মৌসুমে তার গোলের খাতা খোলেন।
অন্যদিকে, মালাগা, রেয়াল সোসিয়েদাদ ও এস্পানিওলের বিপক্ষে জয়ের পথে ১০টি গোল করেছে রেয়াল মাদ্রিদ। লা লিগার সফলতম দলটির হয়ে সর্বোচ্চ চারটি গোল করেছেন কিলিয়ান এমবাপে। জুড বেলিংহ্যাম (দুটি গোল, দুটি অ্যাসিস্ট) ও ভিনিসিউস জুনিয়রও (একটি গোল, দুটি অ্যাসিস্ট) মৌসুমের শুরুটা ভালো করেছেন।
স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সবশেষ সাক্ষাতে গত মে মাসে কাম্প নউয়ে বার্সেলোনা ২-০ গোলে জেতে এবং লা লিগা শিরোপা নিশ্চিত করে।
ফ্লিকের কোচিংয়ে রেয়ালের বিপক্ষে সবশেষ সাতটি প্রতিযোগিতামূলক ম্যাচের ছয়টিতেই জিতেছে বার্সেলোনা, যার মধ্যে রয়েছে ২০২৫ সালের কোপা দেল রে ফাইনাল এবং পরপর দুটি স্প্যানিশ সুপার কাপ ফাইনাল।