স্পেনের ক্লাবে খেলবেন ৭০ বছর বয়সী গোলরক্ষক
স্পেনে কোনো অফিসিয়াল ম্যাচে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হতে যাচ্ছেন মাতেউস গন্সালেস।
ইতিহাস গড়তে যাচ্ছেন মাতেউস গন্সালেস। ৭০ বছর বয়সে মাঠে নামবেন সাবেক এই গোলরক্ষক। স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের লিগে সিডি কলুঙ্গার হয়ে খেলবেন তিনি।
স্প্যানিশ গণমাধ্যমের দাবি, স্পেনে কোনো অফিসিয়াল ম্যাচে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হতে যাচ্ছেন গন্সালেস।
৪৩ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নেন গন্সালেস। তবে এই মৌসুমে ‘তেরসেরা ফেডারেশন গ্রুপ টু’-তে কলুঙ্গার গোলরক্ষকদের অনুশীলনে সাহায্য করে আসছিলেন তিনি।
আগামী রোববার গন্সালেসকে খেলানোর কথা বুধবার জানিয়েছে কলুঙ্গা। সাবেক এই ফুটবলারকে সম্মাননা দিতে এই উদ্যোগ নিয়েছে তারা।
“এটা কোনো রেকর্ড কিংবা অদ্ভুত কোনো কাণ্ড নয়। এটা আসলে সম্মাননা। আমরা এমন একজনের কথা বলছি, যিনি খনিতে কাজ করেছেন, পুরো জীবন কাজ ও ফুটবলের পেছনে উৎসর্গ করেছেন। এটা স্রেফ সংখ্যার বিষয় নয়, এটা সম্মানের বিষয়। কেউ যদি কেবল তার বয়সের দিকে নজর দেয়, তবে সে মূল উদ্দেশ্যটাই বুঝতে পারবে না।”
স্থানীয় গণমাধ্যম লাস প্রভিন্সিয়াসকে গন্সালেস বলেন, পুরো ম্যাচ খেলবেন কি না, নিশ্চিত নন তিনি।
“এখনও নিজেকে চটপটে মনে করি… যখন আমি খেলা শুরু করেছিলাম, তখনকার ফুটবল ছিল অনেকটাই আলাদা। বল থেকে শুরু করে মাঠ- সবই বদলে গেছে।”
“আমার মনে আছে, পোস্টের পাশে আমি একটা বড় পাত্র রাখতাম। মাঠ যখন কর্দমাক্ত হয়ে যেত, তখন রেফারিকে লুকিয়ে সেখান থেকে পানি সেচে ফেলতাম। সে সময় মাঠে কাদা জমে থাকা ছিল প্রতিদিনের ঘটনা।”
