যেভাবে লা লিগা শিরোপা উদযাপন করল বার্সেলোনা
লা লিগা শিরোপা জয়ের পর রাতভর উৎসব করেছেন বার্সেলোনার খেলোয়াড়রা।
ম্যাচ জয়ের পর মাঠেই উদযাপন হয়েছে এক দফা। ড্রেসিং রুমে ফেরার পর শুরু হয়েছে সত্যিকারের ‘পার্টি।’ পরে সমর্থকদের সামনে ক্লাবের ট্রেনিং কমপ্লেক্সের বারান্দায় নেচে-গেয়ে চলেছে উদযাপন। কেউ আবার বেরিয়ে পড়েছেন রাস্তায়। লা লিগা শিরোপা জয়ের পর রাতভর এভাবেই উৎসব করেছেন বার্সেলোনার খেলোয়াড়রা।
একই শহরের আরেক ক্লাব এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ২-০ গোলের জয়ে দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা।
২০২৩ সালে এখানেই শিরোপা নিশ্চিতের পর মাঝমাঠে গোল হয়ে নেচে-গেয়ে যখন শিরোপা উদযাপন করছিলেন বার্সেলোনার খেলোয়াড়রা, হঠাৎ করে গ্যালারি ছেড়ে দর্শকদের একটা অংশ তেড়ে যান তাদের দিকে। তড়িঘড়ি করে রবের্ত লেভানদোভস্কি, মার্ক-আন্ড্রে টের স্টেগেনরা ড্রেসিং রুমে চলে যান।
এবার শিরোপা জিতলে ‘উদযাপনে বাড়াবাড়ি’ না করার কথা ম্যাচের আগে বলেছিলেন কোচ হান্সি ফ্লিক। তবু জয়ের পর মাঠে নেচে-গেয়ে কিছুটা উদযাপন করেন রাফিনিয়া, ফের্মিন লোপেসরা। তাদের দ্রুত ড্রেসিং রুমে ফেরার তাগাদা দেন কোচ।
ড্রেসিং রুমে ফেরার পর থেকে শুরু হয় বাঁধভাঙা উদযাপন। সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, উল্লসিত খেলোয়াড়রা খুশিতে নাচছিলেন, গাইছিলেন। কোচ ফ্লিক ও মিডফিল্ডার পেদ্রিকে শূন্যে ছোড়েন অন্যরা। এস্পানিওলের মাঠে চোখধাঁধানো গোলে দলকে এগিয়ে নেওয়া লামিনে ইয়ামালকে মনে হচ্ছিল ডিজে।
তাদের সঙ্গে উদযাপনে যোগ দেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাও।
বার্সেলোনার ডাকে অবসর ভেঙে ফুটবলে ফেরা ভয়চেক স্ট্যান্সনির ধূমপানের অভ্যাসের কথা সবার জানা। একটি সিগার মুখে নিয়ে বসে থাকতে দেখা যায় এই পোলিশ গোলরক্ষককে। সেই ছবি বার্সেলোনার পেইজ থেকে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে।
এরপর দল চলে যায় শহরের অন্য প্রান্তে, নিজেদের ডেরায়। রাস্তায় সমর্থকরা যখন আতশবাজি ফুটিয়ে উল্লাস করছিলেন, জুয়ান গাম্পের ট্রেনিং গ্রাউন্ড কমপ্লেক্সের বারান্দায় দাঁড়িয়ে নেচে-গেয়ে সেসব উপভোগ করছিলেন বার্সেলোনার খেলোয়াড়রা।
ভোরের দিকে রাস্তায় সমর্থকদের সঙ্গে উল্লাস করতে দেখা যায় মার্ক কাসাদো ও আলেহান্দ্রো বাল্দেকে।
আরেক ভিডিওতে দেখা যায়, দানি ওলমো, এরিক গার্সিয়া, পেদ্রি ও ইনিগো মার্টিনেস সাইকেলে করে শহরের রাস্তায় ঘুরছেন। আরেক সতীর্থ ফেররান তরেসের সঙ্গে উদযাপন করার জন্য তারা হাসপাতালে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচারের পর হাসপাতালে ভর্তি আছেন তরেস।
রাতভর চলা সেই উৎসব যে আরও কয়েক দিন চলবে, তা বলাই যায়।
ফ্লিকের কোচিংয়ে বদলে যাওয়া বার্সেলোনা এই মৌসুমে লা লিগার আগে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের শিরোপা জিতেছে, দুটি ফাইনালেই চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকে হারিয়ে।
