ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতে রাজি নিউ জিল্যান্ড
বিশ্বকাপে ইরানের প্রথম প্রতিপক্ষ ভেন্যু পরিবর্তনের পক্ষে মত জানাল।
নিউ জিল্যান্ডের ফুটবলাররা বলেছেন, আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো ভেন্যুতে ইরানের মুখোমুখি হতে রাজি তারা। ভূরাজনৈতিক সঙ্কটে এই ম্যাচ নিয়ে ক্রমবর্ধমান শঙ্কার মধ্যে নিজেদের মত জানালেন তারা।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে খেলার কথা নিউ জিল্যান্ড। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।
এশিয়ার দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় দেশ হিসেবে বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ইরান। ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা বাড়ছে।
এবারের আসরে গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই খেলার কথা যুক্তরাষ্ট্রে। সেখানে কোনো ম্যাচ না খেলার হুমকি দিয়ে রেখেছে এশিয়ার দেশটি।
লস অ্যাঞ্জেলসে খেলার প্রস্তুতি নিয়েই এগোচ্ছে নিউ জিল্যান্ড। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও আপত্তি নেই তাদের, বললেন মিডফিল্ডার রায়ান টমাস।
“বাছাই পেরিয়ে আসায় এখানে থাকাটা তাদের প্রাপ্য। যদি তাদের বিপক্ষে কানাডা বা মেক্সিকোয় খেলতে হয় তো, হ্যাঁ আমরা সেখানে খেলব। আমার জন্য এটা বড় কোনো ব্যাপার নয়।”
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর স্যান ডিয়েগোয় থাকবে নিউ জিল্যান্ড। মেক্সিকো সীমান্ত থেকে দূরের পথ নয় এই শহর। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেছেন, ইরানের ম্যাচগুলো আয়োজনে তারা আগ্রহী। তবে ভেন্যু পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ফিফার।
