হার এড়াতে পেরেই কেইনের স্বস্তি
ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ড্র করে রেকর্ড জয়ের রথ থামল বায়ার্ন মিউনিখের।
দারুণ সব পারফরম্যান্সে ছুটে চলা বায়ার্ন মিউনিখ হঠাৎ দেখল একটি খারাপ দিন, তাতে থেমে গেল তাদের রেকর্ড জয়ের রথ। তবে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে শেষের গোলে হার এড়াতে পেরে যেন স্বস্তিই পাচ্ছেন হ্যারি কেইন।
বুন্ডেসলিগায় প্রথম ৯ রাউন্ডেসহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে শনিবার খেলতে নামে বায়ার্ন। লিগ টেবিলের নিচের অর্ধের দলের বিপক্ষে আরেকটি সহজ জয়ের প্রত্যাশাই করছিলেন বায়ার্ন সমর্থকরা। কিন্তু হয় উল্টো; হারের শঙ্কায় পড়ে শেষ সময়ে কেইনের গোলে কোনোমতে ২-২ ড্র করে মিউনিখের দলটি।
১৬ ম্যাচের সবগুলো জয়ের পথে ইউরোপের শীর্ষ লিগের দলগুলোর মধ্যে মৌসুমের শুরুতে টানা জয়ের রেকর্ড আগেই গড়েছে বায়ার্ন।
তবে এদিন বায়ার্নের খেলোয়াড়দের প্রাণশক্তি যেন হ্রাস পেয়েছিল। ম্যাচের শুরু থেকেই অপ্রত্যাশিত সবকিছু ঘটতে থাকে। নবম মিনিটে তাদের জালে বল পাঠায় বার্লিন, যদিও ভিএআরে সেটা বাতিল হয়ে যায়। তবে ২৭তম মিনিটে ডানিয়ো ডুকহির গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন।
৩৮তম লুইস দিয়াস সমতা টানলেও, ম্যাচে নিয়ন্ত্রণ নিতে পারেনি বায়ার্ন। উল্টো ৮৩তম নিটে ডাচ ডিফেন্ডার ডুকহির গোলে আবার পিছিয়ে পড়ে ইউলিয়ান নাগেলসমানের দল। পরে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সফল হেডে দলকে একটি পয়েন্ট এনে দেন কেইন।
জয়যাত্রা থেমে যাওয়ার হতাশা স্বাভাবিকভাবেই আছে, কিন্তু কঠিন ম্যাচে হার এড়াতে পারার স্বস্তির কথাই বললেন কেইন।
“কঠিন একটা ম্যাচ হলো। আমাদের জন্য অবশ্যই এটা সেরা ম্যাচ নয়, তবে আমরা মনোযোগী ছিলাম এবং সমতা টানতে পেরেছি। এটাই ফুটবল, আজকের মতো ম্যাচ আসে যখন সবকিছু নিজেদের পক্ষে যায় না।”
“আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে এটা আরও খারাপ হতে পারতো, যদি হেরে যেতাম। এখন এই ড্রয়ে আমরা মোমেন্টাম ধরে রাখতে পারব। টানা ১৬ জয় অবিশ্বাস্য, কিন্তু এখন সেটা শেষ। সামনে আর এই বিষয়ে কথা হবে না। আমরা এগিয়ে যাব।”
বুন্ডেসলিগায় মৌসুমের শুরুতে টানা ১০ জয়ের রেকর্ড ছোঁয়া হলো না বায়ার্নের, যে কীর্তি তারা গড়েছিল ২০১৫-১৬ আসরে।
এখানে পয়েন্ট হারালেও লিগ টেবিলে শীর্ষস্থান অবশ্য সুসংহতই থাকছে বায়ার্নের। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৮। দ্বিতীয় স্থানে লাইপজিগের পয়েন্ট ২২।
১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে ইউনিয়ন বার্লিন।
