আনচেলত্তির সেঞ্চুরি, মেসির রেকর্ড এবং আরও যত কীর্তি
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও পিএসজির জয়ের রাতে ব্যক্তিগত অর্জনে নিজেদের রাঙিয়েছেন তারকারা, রেকর্ডে বইয়ে নাম উঠেছে ক্লাবেরও।
লাইপজিগের বিপক্ষে শেষের ঝলকে রিয়াল মাদ্রিদের জয়, পেছন থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাকাবি খাইফার বিপক্ষে জয় পিএসজির। শেষ দিকে আর্লিং হলান্ডের চোখধাঁধানো গোলে ম্যানচেস্টার সিটির জয়। আরও নানা ঘটনা-নাটকীয়তায় শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের আরও একটি রাত। রোমাঞ্চকর ফুটবলের রাতটি তারকারা যেমন রাঙিয়েছেন নানা ব্যক্তিগত অর্জন-সাফল্যে, তেমনি তাদের ক্লাবের নামও উঠে গেছে রেকর্ডের পাতায়।
আনচেলত্তির শতক
লাইপজিগের বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোচ হিসেবে শততম জয়ের স্বাদ পেলেন কার্লো আনচেলত্তি। তার আগে এই কীর্তি ছিল কেবল স্যার অ্যালেক্স ফার্গুসনের।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি কোচ ক্যারিয়ার শেষ করেছেন ১০২ জয় নিয়ে। আনলেচত্তির সামনে হাতছানি এখন তাকে ছাড়িয়ে যাওয়ার।
মেসির কীর্তি
চ্যাম্পিয়ন্স লিগে ১৮ মৌসুমে গোল করার অনন্য কীর্তি গড়লেন লিওনেল মেসি। ইউরোপ সেরার আসরে তার গোল হলো এখন ১২৬টি, পিএসজির হয়ে ৬টি।
তবে চোট কাটিয়ে মাঠে ফিরলে এই রেকর্ডে মেসিকে স্পর্শ করার সুযোগ আছে করিম বেনজেমার সামনে। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গোল করেছেন ১৭ মৌসুমে।
রোনালদোকে ছাড়িয়ে মেসি (১)
নতুন প্রতিপক্ষ, পুরনো মেসি। ম্যাকাবি খাইফার বিপক্ষে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে মোট ৩৯ প্রতিপক্ষের সঙ্গে গোলের অভিজ্ঞতা হয়ে গেল আর্জেন্টাইন জাদুকরের। সবচেয়ে বেশি ক্লাবের বিপক্ষে গোলের রেকর্ডে তিনি ছাড়িয়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদোকে (৩৮টি)।
রোনালদোকে ছাড়িয়ে মেসি (২)
৬২টি গোল করে চ্যাম্পিয়ন্স লিগের প্রথমার্ধে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন লিওনেল মেসির একার। এখানেও তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদোকে।
সফরে উজ্জ্বল মেসি
চলতি মৌসুমে পিএসজির হয়ে লিওনেল মেসির সবকটি গোলই প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে এবার এখনও গোলের মুখ দেখা হয়নি তার।
ত্রয়ীর জাদু
লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপে-পিএসজির তিন মহাতারকা একই ম্যাচে গোল পেলেন মৌসুমে এই নিয়ে দ্বিতীয়বার।
গত মৌসুমে এই ত্রয়ীর একসঙ্গে গোল ছিল স্রেফ এক ম্যাচ।
রিয়ালের পাশে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা ৪০ ম্যাচে গোল পেল পিএসজি। এই রেকর্ডে তারা স্পর্শ করল টুর্নামেন্টের সফলতম দল রিয়াল মাদ্রিদকে। ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত ছিল রিয়ালের রেকর্ড ধারাবাহিকতা।
চূড়ায় এমবাপে
বয়স মোটে ২৩, এখনই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সফলতম গোলস্কোরার কিলিয়ান এমবাপে। ৩০ গোল নিয়ে তিনি ছুঁয়ে ফেলেন এদিনসন কাভানির রেকর্ড।
রিয়ালের জার্মান-রথ
জার্মানির কোনো ক্লাবের বিপক্ষে রিয়াল মাদ্রিদের অপরাজেয় যাত্রা পৌঁছে গেল ১৩ ম্যাচে। ক্লাবের ইতিহাসের সেরা এটিই।
৫৪ বছর পর
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ জয় দিয়ে মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। ১৯৬৮-৬৯ মৌসুমের পর এটিই ক্লাবটির সেরা শুরু। ওই মৌসুমে টানা ১১ জয় ছিল তাদের।
দ্বিতীয়ার্ধের রাজা
চলতি মৌসুমে রিয়ালের রাজত্ব বেশি দেখা যাচ্ছে ম্যাচের দ্বিতীয় ভাগে। আগের মৌসুমের মতোই শেষের ঝলকে একের পর এক ম্যাচ জিতে চলেছে তারা। দ্বিতীয়ার্ধে এবার এখনও পর্যন্ত ১৬ গোল করে ফেলেছে তারা, হজম করেনি একটিও।
ইউভেন্তুসের তেতো স্বাদ
বেনফিকার কাছে এ দিন ২-১ গোলে হেরে গেছে ইউভেন্তুস। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবার তারা হেরে গেল প্রথম দুই ম্যাচে।
