‘মানুষ বিশ্বাস করেনি, কিন্তু আমরা করেছি’, বললেন জামাল
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সামনের পথচলায় দলকে আরও ভালো ফুটবল খেলার বার্তা দিলেন বাংলাদেশ অধিনায়ক।
১৪ বছর ধরে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ কিংবা প্রাথমিক পর্বেই থমকে যাওয়ায় কত-শত সমালোচনার তিরে বিদ্ধ হতে হয়েছে জামাল-জিকোদেরকে, তার ইয়ত্তা নেই। এবারও তাদের ঘিরে বাজি ধরার লোক হয়তো খুব বেশি ছিল না, কিন্তু নিজেদের সামর্থ্যে সবসময় বিশ্বাস, আস্থা ছিল বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ২০০৯ সালের পর সাফের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। জামালের বুক থেকেও যেন এতদিনের জমে থাকার ভার নেমেছে কিছুটা। এখন তিনি নতুন করে স্বপ্নের জাল বুনতে পারছেন।
ভুটান ম্যাচে একটা সময় শঙ্কা চোখ রাঙানি দিয়েছিল প্রবলভাবে। আত্মবিশ্বাসী শুরুর পর খেই হারিয়ে দ্বাদশ মিনিটে গোল হজম করে বসে দল। কিন্তু এরপরই সাহসী বাংলাদেশের দেখা মেলে।
গোছাল, আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ২১তম মিনিটে ঘুরে দাঁড়ানোর পথটাও পেয়ে যায় দল। শেখ মোরসালিনের গোলে সমতায় ফেরার পর ভুটানকে চেপে ধরে কাবরেরার শিষ্যরা।
প্রতিপক্ষের চাপে আত্মঘাতী গোল করে বসে ভুটান। এগিয়ে যাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। রাকিব হোসেন দূরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর পথ হারায়নি দল। রক্ষণ জমাট রেখে ম্যাচের লাগাম মুঠোয় রেখে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে।
মিক্সড জোন হয়ে হোটেলে ফেরার টিম বাসে ওঠার পথে অল্প কথায় যেন অনেক কিছু বলে গেলেন জামাল। কেবল বাংলাদেশ নয়, পঞ্চমবারের প্রচেষ্টায় ব্যক্তিগতভাবে তিনিও প্রথমবারের মতো খেলবেন সাফের সেরা চারের লড়াইয়ে। তাই উচ্ছ্বাস আড়াল করলেন না অভিজ্ঞ এই মিডফিল্ডার।
“ভালো লাগছে। সেমি-ফাইনালে খেলব। যেটা মানুষে বিশ্বাস করেনি কিন্তু আমরা করেছি। আজকে আমরা উদযাপন করব, কাল রিকভারি। এরপর কুয়েত ম্যাচ নিয়ে কাজ শুরু করব।”
২০০৩ সালে প্রথম এবং সবশেষ দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্বোচ্চ আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০০৫ সালের পর আরও শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চে উঠেছিল সবশেষ। এবার সেই মঞ্চে উঠতে দলের সামনে প্রতিপক্ষ শক্তিশালী কুয়েত। সামনের পথচলায় সতীর্থদের কাছে চাওয়াটাও জানিয়ে রাখলেন অধিনায়ক।
“সব মিলিয়ে এই তিনটা ম্যাচ (গ্রুপ পর্বের) আমরা ভালো খেলেছি। (সামনে) আরও ভালো খেলতে চাই।”
