আশা জাগিয়েও অবনমন এড়াতে পারল না স্বাধীনতা সংঘ
দুই গোলে এগিয়ে গিয়ে অবনমন এড়ানোর আশা জাগিয়েছিল দলটি।
খেলার ধারার বিপরীতে দুই গোলে এগিয়ে গেল স্বাধীনতা ক্রীড়া সংঘ। অবনমন এড়ানোর আশাও উঁকি দিল। কিন্তু পরে ঘুরে দাঁড়াল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। তাতে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেল স্বাধীনতা সংঘ।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। প্রথম লেগে স্বাধীনতা সংঘের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল ধানমণ্ডির দলটি।
২১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তলানিতে আছে স্বাধীনতা সংঘ। আর মাত্র একটি ম্যাচে বাকি আছে তাদের। কিন্তু এরই মধ্যে অবনমন নিশ্চিত হয়ে গেছে লিগে অভিষেক ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখানো দলটির। ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল।
শুরু থেকে শেখ জামাল বলের নিয়ন্ত্রণ, আক্রমণে আধিপত্য করলেও খেলার ধারার বিপরীতে গোল পেয়ে যায় স্বাধীনতা সংঘ। ২৬তম মিনিটে ডান দিক থেকে সজল ইসলামের পাসে বক্সের ভেতর থেকে ইকবাল হোসেনের দারুণ হেড ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি সামিউল ইসলাম।
তিন মিনিট পরই সমতার সহজ সুযোগ নষ্ট করেন মুসা নাজারে। ভালিজনভ ওতাবেকের ফ্রি কিক গোলরক্ষক সারোয়ার জাহান ফিস্ট করলে বল একটু উপরে উঠে যায়। গোলমুখে থাকা মুসার হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাধীনতা সংঘ। সতীর্থের পাস বুদ্ধিদ্বীপ্ত ডামি করে বের করে নিয়ে সজল ইসলাম বাড়ান বক্সে। এরপর জাহেদুর রহমানের পাসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন জিল্লুর রহমান।
৬৯তম মিনিটে বক্সের ওপর থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করে শেখ জামালকে ম্যাচে ফেরান ওতাবেক। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফয়সাল আহমেদের পাস নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুণি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন সিজোকে আলেকউই। তাতে সমতায় ফেরে শেখ জামাল, লিগ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যাওয়া নিশ্চিত হয়ে যায় স্বাধীনতা সংঘের।
অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং। দলের জয়ে মারাজ হোসেন অপি ও আসরোর গভুরভ জোড়া গোল করেন। বাকি তিন গোলদাতা এমফন উদোহ, রহিম উদ্দিন ও আবিদ আহমেদ।
এই হারে অবনমনের ঝুঁকি আরও বাড়ল উত্তর বারিধারা। ২১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ১১তম স্থানে আছে তারা। লিগে দলটির এক ম্যাচ বাকি। তাদের চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে ২০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
