উয়েফার কাছে অভিযোগ: ক্লাবের সমর্থন পেয়ে খুশি ফ্লিক
‘গুরুত্বপূর্ণ মুহূর্তে একবার ভুল করতে পারেন, কিন্তু দুবার নয়’, রেফারি ও ভিএআরের সমালোচনায় বললেন বার্সেলোনা কোচ।
চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের ম্যাচে রেফারিং নিয়ে উয়েফার কাছে ক্লাবের অভিযোগ করাকে সমর্থন জানিয়েছেন হান্সি ফ্লিক। ক্লাবের এই পদক্ষেপ দারুণ ব্যাপার বলে মনে করেন বার্সেলোনা কোচ।
কাম্প নউয়ে গত বুধবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের দ্বিতীয়ার্ধে আতলেতিকো গোলরক্ষক হুয়ান মুসো বক্সেই পাস দেন সতীর্থ মার্ক পুবিলকে। দেখে মনে হচ্ছিল, গোল কিকের পর পুনরায় খেলা শুরু। কিন্তু বল হাত দিয়ে ধরে ফের গোলরক্ষককে পাস দেন পুবিল, যিনি আগেই একটি হলুদ কার্ড দেখেন।
তখনই পেনাল্টির দাবি জানায় বার্সেলোনা। কিন্তু রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাসচ কোনো সাড়া দেননি। ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ক্রিস্টিয়ান ডিনগার্টও হস্তক্ষেপ করেননি।
বিষয়টি নিয়ে ম্যাচ শেষেই ক্ষোভ প্রকাশ করেন ফ্লিক। এটাকে তিনি স্পষ্ট ‘পেনাল্টি ও পুবিলের লাল কার্ড’ পাওয়ার মতো কাজ মনে করেন। পরে উয়েফার কাছে অভিযোগ করে এই ঘটনার তদন্তের দাবি জানায় কাতালান ক্লাবটি।
শেষ পর্যন্ত ম্যাচটি আতলেতিকো জিতে নেয় ২-০ গোলে। ঘুরে দাঁড়াতে আগামী মঙ্গলবার ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে দুই গোলের ব্যবধান ঘোচাতে হবে বার্সেলোনাকে।
তার আগে শনিবার লা লিগায় এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে উয়েফার কাছে ক্লাবের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা নিয়ে বলেন ফ্লিক।
“ক্লাব আমাদের সমর্থন করছে, এটা দারুণ ব্যাপার। সবাই জানে, সত্যিই অন্যায্য ছিল। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে একবার ভুল করতে পারেন, কিন্তু দুবার নয় (রেফারি ও ভিএআর)। আমার মতে, এটা ক্লাবের পক্ষ থেকে বিরাট সমর্থন।”
ওই ঘটনায় ভিএআরের হস্তক্ষেপ করা উচিত ছিল বলে মনে করেন বার্সেলোনা কোচ।
“যখন ভিএআর থাকে, তখন তিনি যদি এমন কিছু দেখেন যা সঠিক নয়, তাহলে (রেফারিকে) তার বলতে হবে, ‘এখন এটা দেখুন।’”
“এই ম্যাচে এই বিষয়টি আমি ধরতে পারিনি। আমার মনে হয়, আমরা অনেক কিছু আরও ভালো করতে পারতাম, কিন্তু শেষ পর্যন্ত বুধবার আমাদের সেরাটা আমরা খেলতে পারিনি।”
