২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সময় এখন ভিনিসিউসের’

রেয়াল মাদ্রিদ কোচের চোখে ভিনিসিউস জুনিয়র খুবই পেশাদার এবং এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলারদের একজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2024, 08:50 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

চোটের কারণে কয়েক দফা থাকতে হয়েছে মাঠের বাইরে। তারপরও মৌসুমজুড়ে রেয়াল মাদ্রিদের হয়ে দারুণ পারফর্ম করেছেন ভিনিসিউস জুনিয়র। দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে তিনি রেখেছেন বড় অবদান। বরাবরের মতো আরও একবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে স্তুতির জোয়ারে ভাসিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলছেন, সময়টা এখন ভিনিসিউসের।

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত বুধবার সেমি-ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেয় রেয়াল। আগের সপ্তাহে প্রথম লেগে জোড়া গোল করা ভিনিসিউস দ্বিতীয় লেগে জালের দেখা পাননি, তবে ম্যাচজুড়ে দারুণ খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই। 

এই মৌসুমে ইউরোপ সেরার প্রতিযোগিতায় ৯ ম্যাচে তার গোল ৫টি। সঙ্গে অ্যাসিস্ট আছে ৫টি। চার ম্যাচ হাতে রেখে রেয়ালের লিগ শিরোপা জয়েও তার আছে বড় অবদান। লিগে ২৪ ম্যাচে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ গোলের পাশাপাশি তার অ্যাসিস্ট ৬টি।

লা লিগায় শনিবারের গ্রানাদার বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে ২৩ বছর বয়সী ভিনিসিউসের উচ্ছ্বসিত প্রশংসা করলেন আনচেলত্তি। 

“সে (বিশ্বের) সেরাদের একজন। সময় এখন  ভিনিসিউসের। সে অনেক অবদান রাখছে। সে দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে এবং লিগ জিততে সাহায্য করেছে।”

এই বছরে ভিনিসিউসকে ব্যালন দ’র জয়ের বড় দাবিদার হিসেবে দেখছেন অনেকেই। আনচেলত্তির কাছে প্রশ্ন করা হয়, আজ যদি বর্ষসেরার পুরস্কারটি দেওয়া হয় তাহলে ভিনিসিউস কি তা পাবেন, তিনি কি সে সেই পর্যায়ে আছেন।

অভিজ্ঞ ইতালিয়ান কোচ মনে করেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ও কোপা আমেরিকা ভালোভাবে শেষ করতে পারলে ব্যালন দ’র জিততে পারেন ভিনিসিউস।  

“প্রথম কথা আজ ব্যালন দ’র দেওয়া হচ্ছে না। আমি মনে করি ভিনিসিউস খুব ভালো খেলছে। আরও কয়েকটি ম্যাচ এবং ফাইনাল বাকি। তারপর কোপা আমেরিকা। সে খুব কাছাকাছি (ব্যালন দ’র জয়ের)। যদি সে ফাইনাল এবং কোপা আমেরিকা ভালোভাবে শেষ করে, তাহলে (ব্যালন দ’র) জিততে পারে।”

টিভিতে ভিনিসিউসের খেলা দেখেই তার প্রতিভা সম্পর্কে ধারণা পেয়েছিলেন আনচেলত্তি। ৬৪ বছর বয়সী কোচের মতে, ভিনিসিউস খুবই পেশাদার একজন ফুটবলার।

“এখানে যখন আমি আসি (২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রেয়ালে), তার আগে ওকে শুধু টিভিতে দেখেছিলাম। তাকে অসাধারণ প্রতিভাসম্পন্ন খেলোয়াড় বলে মনে হয়েছিল আমার কাছে। প্রতিভার সঙ্গে সে অনেক কিছু যোগ করেছে, বলের নিয়ন্ত্রণ, গোল করার দক্ষতা…দৈনন্দিন অসাধারণ সব কাজের মাধ্যমে সে এসব করতে পেরেছে। অনুশীলনে সে সবসময় মনোযোগী, সে খুবই পেশাদার একজন, সে যা কিছু অর্জন করেছে, সেটা তার প্রাপ্য।”