১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গিমারাইসকে পেতে মরিয়া ম্যান ইউনাইটেড, আগ্রহী রেয়াল মাদ্রিদও

নিউক্যাসলের ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে পেতে তুমুল লড়াই জমে উঠতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড ও রেয়াল মাদ্রিদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 04:50 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ব্রুনো গিমারাইসকে দলে পেতে আলোচনা অনেকটাই এগিয়েছে ম্যানচেস্টার ইউনাটেডের। ৮ কোটি পাউন্ডের আশেপাশে সম্ভাব্য ট্রান্সফার ফি নিয়ে খবরও বেরিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমে। তবে সেখানেই এবার নতুন মাত্রা যোগ হয়েছে রেয়াল মাদ্রিদও আগ্রহ দেখানোয়। গোটা ফুটবল বিশ্বে কে না জানে, রেয়াল কোনো ফুটবলারকে দলে পেতে চাইলে অন্য ক্লাবগুলির কাজটি খুবই কঠিন!

গোটা আলোচনায় সম্পৃক্ত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে, নিউক্যাসল অধিনায়ককে দলে পেতে লড়াইয়ে নামছে রেয়াল মাদ্রিদ।

গিমারাইসকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেড মরিয়া মূলত কাসোমিরোর সম্ভাব্য বিকল্প হিসেবে। চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ ফুরোতেই তিনি ইউনাইটেড ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন আগেই। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের বিকল্প হিসেবেই একই ঘরানার আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে চায় ইংলিশ ক্লাবটি।

গিমারাইসের অভিজ্ঞতা ও নেতৃত্বের জন্য কাসেমিরো নিজেই গিমারাইসকে তার উত্তরসূরি হিসেবে ক্লাবের কাছে সুপারিশ করেছেন বলে সূত্রের বরাতে জেনেছে রয়টার্স। প্রাথমিক আলাপ-আলোচনা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, দুই পক্ষের পারস্পরিক স্বার্থ থেকে একটি চুক্তির পথ সুগম হতে পারে।

তবে ২৮ বছর বয়সী এই ফুটবলারকে দলে পেতে রেয়াল মাদ্রিদের আকস্মিক পদক্ষেপ গোটা চিত্রই উল্লেখযোগ্যভাবে বদলে দিয়েছে।

গিমারাইসের প্রতি রেয়ালের নজর অবশ্য অনেক আগে থেকেই। কার্লো আনচেলত্তি কোচ থাকার সময়ই এই মিডফিল্ডারের দিকে চোখ পড়েছিল তাদের। টনি ক্রুস ও লুকা মদ্রিচের মতো মিডফিল্ডারদের সম্ভাব্য বদলি হিসেবে এই ব্রাজিলিয়ানের নাম ক্লাবের কাছে সুপারিশ করেছিলেন আনচেলত্তি। গিমারাইস তখন ছিলেন অলিম্পিক লিওঁতে। দুই পক্ষের আলোচনা বেশ অনেক দূর গড়িয়েছিল তখন।

তবে ২০২২ সালের জানুয়ারিতে নিউক্যাসলের পক্ষ থেকে প্রায় পাঁচ কোটি ইউরোর প্রস্তাব আসার পর রেয়ালের পথ রুদ্ধ হয়ে যায়। ওই মাসে শেষ দিকে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন তিনি।

চার বছর পর ইউনাইটেডের সঙ্গে আলোচনার মধ্যেই দৃশ্যপটে আবার রেয়াল। এই মৌসুম শেষে এদুয়ার্দো কামাভিঙ্গার সম্ভাব্য বিদায় এবং আগামী মৌসুমে মাঝমাঠে একজন প্রভাবশালী ফুটবলারের খোঁজে ইউরোপের সফলতম ক্লাবটি আবারও গিমারাইসকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

রয়টার্সের খবর, এখানেও যোগসূত্র হিসেবে কাজ করছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ এখন গিমারাইসের জাতীয় দলের কোচ। তিনি ক্লাবকে আবারও বলেছেন, রেয়ালের এখন ঠিক এই ধরনের একজন মিডফিলডার খুবই প্রয়োজন।

এখন ইউনাইটেড চুক্তি সম্পন্ন করতে চাপ দিচ্ছে এবং রেয়াল আবারও তাকে পেতে উৎসাহী, এমন পরিস্থিতিতে পরবর্তী দলবদল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গিমারাইসকে ঘিরে তুমুলভাবে জমে উঠতে পারে মাঠের বাইরের লড়াই।