২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিশ্চয়তার মাঝেই বিশ্বকাপ দলকে জমকালো বিদায় ইরানের

তেহরানে হাজারো মানুষের সামনে ইরানের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়।

অনিশ্চয়তার মাঝেই বিশ্বকাপ দলকে জমকালো বিদায় ইরানের
তেহরানে জমকালো অনুষ্ঠানে বিশ্বকাপ দলকে বিদায় জানায় ইরানিরা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 11:16 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

উত্তর আমেরিকা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবুও বৈশ্বিক আসর নিয়ে উন্মাদনার কমতি নেই দেশটির মানুষের। রাজধানী তেহরানে জমকালো অনুষ্ঠানে বিশ্বকাপ দলকে বিদায় জানিয়েছে ইরানিরা।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলকে বিদায় জানাতে ইনকিলাব স্কয়ারে বুধবার রাতে উপস্থিত হন হাজারো মানুষ। সমাবেশ মঞ্চে খেলোয়াড়দের বক্তব্যে ফুটে ওঠে দেশ নিয়ে আবেগ-অনুভূতি। বিশ্বকাপে যে জার্সি পরে খেলবে ইরান, সেটাও সেখানে উন্মোচন করা হয়। উপস্থিত জনতা তাদেরকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানায়।

ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ রাষ্ট্রীয় টিভিকে বলেন, “গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই সেরা বিদায় অনুষ্ঠান।”

“খেলোয়াড়রা দেশের মানুষের সঙ্গে আছে এবং জনতা দেশের মর্যাদা, সম্মান ও শক্তির পাশে দাঁড়িয়েছে। ফলাফল যাই হোক না কেন, সেখানে যেন ইরানের পতাকা ওড়ে এবং এর সম্মান রক্ষা হয়।”

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদনও করেছে ইরান। কিন্তু তাদের অনুরোধে সাড়া দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা। সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রে গিয়েই বিশ্বকাপে খেলবে ইরান, বেশ কয়েকবার বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সপ্তাহ দুয়েক আগে ফিফা কংগ্রেসে অংশ নেওয়ার জন্য কানাডায় প্রবেশের অনুমতি পাননি এফএফআইআরআই সভাপতি তাজ। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগে এই সিদ্ধান্ত নেয় কানাডা। ফলে বিমানবন্দর থেকেই দেশে ফিরে আসতে হয় ইরানের প্রতিনিধি দলকে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই সংগঠনের সঙ্গে সম্পর্ক আছে, এমন কাউকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তাতে যুক্তরাষ্ট্র সফরে ইরানের প্রতিনিধি দলের প্রবেশাধিকার নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। খেলোয়াড় ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সব দায়িত্ব ফিফার ওপর ছেড়ে দিয়েছে ইরান।

বিদায়ী সমাবেশে এফএফআইআরআই মহাসচিব হেদায়াত মোমবেইনি বলেছেন, ভিসা কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে কোনো ঝামেলা না হওয়ার আশ্বাস দিয়েছে ফিফা।

তেহরানে বিশ্বকাপ দলকে বিদায় জানাতে হাজির হয় হাজারো ইরানি। ছবি: রয়টার্স

তেহরানে বিশ্বকাপ দলকে বিদায় জানাতে হাজির হয় হাজারো ইরানি

“ভিসা সংক্রান্ত কোনো খবর এখনও আমরা পাইনি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই এর সমাধান হবে। ফিফা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, এবং আশা করছি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী ফল মিলবে এবং খেলোয়াড়রা সময়মতো তাদের ভিসা পেয়ে যাবে।”

ইরাকের কয়েকজন খেলোয়াড়কে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি, এমন খবর ছড়িয়ে পড়লে ইরানের উদ্বেগ আরও বাড়ে। পরে বুধবার হোয়াইট হাউস এবং ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন খবরটি অস্বীকার করেছে।

আগামী ২৯ মে আনতালিয়ায় গাম্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। মোমবেইনি জানান, তুরস্কে ট্রেনিং ক্যাম্প চলাকালীন আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফেডারেশন।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে ইরান। আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলসে নিউ জিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা দলটির। একই মাঠে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে, আগামী ২১ জুন। আর সিয়াটলে ২৭ জুন তাদের প্রতিপক্ষ মিশর।

আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে এবারের বিশ্বকাপ।