২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে জন্ম, রাশিয়ায় বেড়ে ওঠা গোলকিপার বিশ্বকাপের আগে পেলেন নরওয়ের নাগরিকত্ব

এতে আসন্ন বিশ্বকাপে নরওয়ে দলে ডাক পাওয়ার দুয়ার খুলে গেল নিকিতা হাইকিনের জন্য।

ইসরায়েলে জন্ম, রাশিয়ায় বেড়ে ওঠা গোলকিপার বিশ্বকাপের আগে পেলেন নরওয়ের নাগরিকত্ব
২০২৬ বিশ্বকাপে নরওয়ের জার্সিতে দেখা যেতে পারে নিকিতা হাইকিনকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 12:20 AM

Updated : 26 Aug 2026, 03:23 PM

নরওয়ের নাগরিকত্ব পেয়েছেন বোদা/গ্লিম্টের গোলকিপার নিকিতা হাইকিন। এটি তার জন্য আসন্ন বিশ্বকাপে নরওয়ে জাতীয় দলে ডাক পাওয়ার দুয়ার খুলে দিয়েছে। 

রাশিয়া থেকে অভিবাসী এক পরিবারে ইসরায়েলে জন্ম হাইকিনের। তার বয়স যখন দুই বছর, তখন তাকে নিয়ে রাশিয়ার মস্কোতে ফিরে যায় তার পরিবার। ফুটবলার হিসেবে তার বেড়ে ওঠার শুরু হয় মস্কোরই এক যুব একাডেমিতে।

২০১৯ সালে বোদা/গ্লিম্টে যোগ দেওয়ার পর থেকে নরওয়েতে বসবাস করছেন ৩০ বছর বয়সী এই গোলকিপার। ২০২৩ সালে ইংলিশ ক্লাব ব্রিস্টল সিটিতে সংক্ষিপ্ত সময়ের জন্য যোগ দেওয়ায় তার এই যাত্রায় কিছুটা ছেদ পড়ে।

রাশিয়ার হয়ে বয়সভিত্তিক ফুটবলে খেলেন তিনি। বিয়ে করেন নরওয়ের নাগরিককে। পাঁচ বছর দেশটিতে বসবাসের ফলে নাগরিকত্ব লাভের প্রক্রিয়ার জন্য যোগ্য হন তিনি।

নরওয়ের শীর্ষ লিগে বোদা/গ্লিম্টের সাম্প্রতিক আধিপত্যে হাইকিনের আছে উল্লেখযোগ্য অবদান। ২০২০, ২০২১, ২০২৩ ও ২০২৪ সালে দলটির লিগ শিরোপা জয়ে তিনি রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গত মৌসুমে লাৎসিওর বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ইউরোপা লিগের সেমি-ফাইনালে তোলেন তিনি। 

এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দলটির চমক জাগানো পারফরম্যান্সেও হাইকিনের আছে বড় অবদান। প্রাথমিক পর্বের শেষ দুই রাউন্ডে ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদ এবং প্লে-অফে ইন্টার মিলানকে দুই লেগেই হারায় বোদা/গ্লিম্ট। শেষ ষোলোর প্রথম লেগে তারা ৩-০ গোলে হারিয়ে দেয় স্পোর্তিংকে। তবে ফিরতি লেগে ৫-০ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। আসরে দলের ১২ ম্যাচের সবকটিতে পোস্ট সামলান হাইকিন।

তার উপস্থিতি নরওয়ে কোচ সোলবাকেনের জন্য বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে মাথাব্যথার কারণ হবে। শুরুর একাদশে জায়গা পেতে তাকে লড়তে হবে ওরিয়ান নাইলান্ডের সঙ্গে। ৩৫ বছর বয়সী নাইলান্ড জাতীয় দলের প্রথম পছন্দের গোলকিপার, তবে স্প্যানিশ ক্লাব সেভিয়ায় নিয়মিত খেলার সুযোগ পেতে সংগ্রাম করেছেন তিনি।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কার্ল-পিটার লোয়েকেন বললেন, হাইকিনকে নরওয়ের প্রতিনিধিত্ব করার আগে কাগজপত্র সম্পন্ন করতে হবে, কেননা এক্ষেত্রে ফিফার অনুমোদন প্রয়োজন।

“প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেই একটি আবেদনপত্র পাঠানো হবে। ফিফা আবেদনটি অনুমোদন করার পর তিনি নরওয়ে জাতীয় দলের জন্য যোগ্য হবেন।”

১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নরওয়ে। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসরের জন্য ১ জুনের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে নরওয়ে কোচকে।