সান্ডারল্যান্ডের বিপক্ষে সালাহর ফেরার ব্যাপারে কিছু বললেন না কোচ
আফ্রিকান নেশন্স কাপের আগে প্রস্তুতির জন্যও ক্লাবে খেলা দরকার মিশরের এই স্ট্রাইকারের।
লিভারপুলের গত কয়েক বছরের সবচেয়ে উজ্জ্বল পারফরমারদের একজন মোহামেদ সালাহ। সেই তিনিই চলতি মৌসুমে দেখছেন মুদ্রার উল্টো পিঠ। আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায়, সবশেষ ম্যাচে বেঞ্চে জায়গা হয় তার। আসছে ম্যাচে তারকা স্ট্রাইকার শুরুর একাদশে ফিরবেন কি-না, সেটাও পরিষ্কার করলেন না লিভারপুল কোচ আর্না স্লট।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের পর গত রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ২-০ গোলে জয় পায় লিভারপুল। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে বদলি হিসেবেও নামার সুযোগ পাননি প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিতায় চতুর্থ স্থানে থাকা সালাহ।
সেদিন খেলতে না পেরে খুব হতাশ ছিলেন তিনি। তার ওই মনোভাব অবশ্য স্লটের কাছে স্বাভাবিক বলেই মনে হয়েছে।
প্রিমিয়ার লিগে পরের ম্যাচে বুধবার সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। আসছে ম্যাচে সালাহ খেলবেন কিনা, সেই বিষয়ে অবশ্য মঙ্গলবারের সংবাদ সম্মেলনে কিছু জানাননি কোচ।
“আমাদের জন্য খেলার যোগ্য, এমন যে কারো থেকেই (খেলতে না পারলে) এমন আচরণ স্বাভাবিক। অনেক বছর ধরে এই ক্লাবের জন্য সে অসাধারণ পারফরম্যান্স করেছে এবং ভবিষ্যতেও তাই করবে।”
“(ওয়েস্ট হ্যামের বিপক্ষে) সে যে শুরুর একাদশে ছিল না, তাতে কেবল সেই অখুশি ছিল না। (এই ঘটনায়) সে যেমন আচরণ করেছে, সে যেমন পেশাদার তার কাছ থেকেই এমনটাই প্রত্যাশিত। সে খুবই শৃঙ্খলাবদ্ধ এবং ফিট থাকতে কী করতে হবে, সে জানে।”
আফ্রিকান কাপ অব নেশন্স খেলতে আগামী ১৫ ডিসেম্বর ক্লাব ছেড়ে যাবেন মিশরের এই স্ট্রাইকার।
সেই হিসেবে, নেশন্স কাপের আগে আগামী ১৩ ডিসেম্বর ব্রাইটনের বিপক্ষে শেষ ম্যাচ খেলার সুযোগ সালাহর। আর মহাদেশীয় টুর্নামেন্টে যদি মিশর ফাইনালে ওঠে, তাহলে মাঝের সময়ে লিভারপুলের মোট সাতটি ম্যাচ খেলতে পারবেন না ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
১৩ ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা।
