যে চক্র ভাঙতে মরিয়া রেয়াল মাদ্রিদ
লা লিগায় কঠিন সময় কাটানো রেয়াল মাদ্রিদ এবার খেলবে আথলেতিক বিলবাওয়ের মাঠে।
লা লিগায় সময়টা ভালো কাটছে না রেয়াল মাদ্রিদের। টানা তিন ম্যাচে তারা পয়েন্ট হারিয়েছে এবং তিনটি ম্যাচই খেলেছে প্রতিপক্ষের মাঠে। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লড়াই দিয়ে অ্যাওয়ে ম্যাচে টানা ড্রয়ের এই চক্র ভাঙতে চান কোচ শাবি আলোন্সো।
সান মামেসে বুধবার বিলবাওয়ের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
সবশেষ ম্যাচে গত রোববার অবনমন অঞ্চলের দল জিরোনার মাঠে ১-১ ড্র করে রেয়াল। তার আগে তারা পয়েন্ট হারায় এলচে ও রায়ো ভাইয়েকানোর বিপক্ষে।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে ইউরোপের সফলতম দলটি।
বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আলোন্সো বলেন, এই মুহূর্তে দলের ধারাবাহিক হওয়ার ওপর জোর দিচ্ছেন তারা।
“আমরা ফুটবল নিয়ে কথা বলেছি, ঐক্য নিয়ে বলেছি, আরও ধারাবাহিক হওয়ার জন্য কী উন্নতি করতে হবে, সেই বিষয়েও কথা বলেছি। এটাই (ধারাবাহিকতার অভাব) আমাদের উদ্বেগের জায়গা। অ্যাওয়ে ম্যাচে (ড্রয়ের) চক্র ভাঙতে চাই আমরা এবং আগামীকালের ম্যাচটি দারুণ সুযোগ।”
দলের টানা হতাশাজনক পারফরম্যান্সে চাপ বাড়ছে আলোন্সোর ওপর। তিনি চাকরি হারানোর ঝুঁকিতে আছেন বলেও খবর বেরিয়েছে। রেয়ালের সাবেক এই মিডফিল্ডার বললেন, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে তার।
“হ্যাঁ, আমরা আবার কথা বলেছি। আর আলোচনা ছিল খুব ইতিবাচক। আমরা পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করছি। এটাই আমরা আলোচনা করেছি।”
১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে শিরোপাধারী বার্সেলোনা। সমান ম্যাচে চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আলোন্সোর দল।
