স্ত্রীর মামলা মাথায় নিয়ে প্রাথমিক দলে মোরসালিন
জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেছেন, শেখ মোরসালিনের বিরুদ্ধে তার স্ত্রীর করা মামলার বিষয়ে প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শেখ মোরসালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার স্ত্রী; তবে এতে আপাতত এই ফুটবলারের ভারতের বিপক্ষে ম্যাচের ৩০ জনের প্রাথমিক দলে থাকতে সমস্যা নেই। কারণ, এখনই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বাফুফে। তবে প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুরুষ জাতীয় দলের ম্যানেজার আমের খান।
২০ বছর বয়সী ফরোয়ার্ড মোরসালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল।
ভারত ম্যাচের প্রস্তুতির জন্য আগামী শুক্রবার ক্যাম্প শুরু করবে জাতীয় দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন আমের। সেখানেই মোরসালনিকে নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি।
“মোরসালিনের ওটা ব্যক্তিগত বিষয়। এতে করে আমাদের স্কোয়াডের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে বলে আমরা মনে করি না। সে আসবে, সে যদি মামলা… অফিসিয়ালি আমরা এরকম নোটিশ পাইনি। জানিও না যে, বিষয়টা কোন অবস্থায় আছে। সে রকম কিছু হলে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা নেব।”
আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
