পরের বছর চিত্রটা ভিন্ন হবে, বার্সেলোনাকে হুঙ্কার আনচেলত্তির
চলতি মৌসুমে অসাধারণ কিছু ম্যাচ উপহার দেওয়া বার্সেলোনার শিরোপা প্রাপ্য বলেই মনে করেন রেয়াল মাদ্রিদ কোচ।
চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা লা লিগা শিরোপা পুনরুদ্ধারের পরপরই তাদের অভিনন্দন জানিয়েছিল গত আসরের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ। এবার দলটির কোচ কার্লো আনচেলত্তি বললেন, অধিকতর ধারাবাহিকতার জন্য বার্সেলোনার শিরোপা প্রাপ্য। তবে অভিজ্ঞ ইতালিয়ান কোচের বিশ্বাস, আগামী মৌসুমের চিত্রটা ভিন্ন হবে।
পরের মৌসুমে অবশ্য প্রিয় সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকা হবে না আনচেলত্তির। এবারের লা লিগা শেষ হলেই রেয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন তিনি। তবে ইউরোপের সফলতম ক্লাবটি সবসময়ই থাকবে তার অন্তরে। এই দল যে ঘুরে দাঁড়াবে, এ নিয়ে কোনো সংশয় নেই তার মনে।
লা লিগার বাকি কেবল আর দুই রাউন্ড। এখান থেকে বেশি কিছু পাওয়ার নেই রেয়ালের। রোববার ৩৭তম রাউন্ডে সব ম্যাচ শুরু হবে একই সময়ে। প্রতিপক্ষ সেভিয়া নিয়ে প্রশ্ন হলো না খুব একটা, মৌসুমের ব্যবচ্ছেদই থাকল আনচেলত্তির সংবাদ সম্মেলন জুড়ে।
“ফুটবল এমনই, কখনও কখনও আপনি সবার কাছ থেকে তার সেরাটা বের করে আনতে পারবেন না। বার্সেলোনা খুব ভালো করেছে, অভিনন্দিত হওয়া ওদের প্রাপ্য।”
“ওরা লা লিগায় অধিকতর ধারাবাহিক ছিল এবং অসাধারণ ফুটবল খেলেছে। লিগ শিরোপা ওদের প্রাপ্য। তবে আগামী বছর গল্পটা ভিন্ন হবে।”
একটা সময়ে বার্সেলোনার চেয়ে রেয়াল পয়েন্টে বেশ এগিয়ে ছিল। এমন পরিস্থিতি থেকে সাধারণত শিরোপা জিতে নেয় মাদ্রিদের ক্লাবটি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। দলের মধ্যে কি বিশ্বাসের ঘাটতি ছিল?
“আমার তা মনে হয় না। মনে হয় না, এটা কোনো সমস্যা করেছে। এই দলটাই অতীতে বিশ্বাস রেখেছে, যখন অন্য কেউ করেনি। আমরা (ম্যাচগুলোতে) প্রত্যাবর্তনের গল্প লিখতে পেরেছিলাম, সেই বিশ্বাসের কারণেই।”
“এই মৌসুমে মূল সমস্যা, যেটা আমি আগেও বলেছি, রক্ষণে আমাদের একের পর এক চোট। অনেক বেশি চোটের ঘটনা ছিল এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে আমরা এদের মিলিতাও, ডাভিড আলাবা, আন্টোনিও রুডিগার, দানি কার্ভাহাল, ফেরলঁদ মঁদিকে পাইনি। এটাই ছিল মূল সমস্যা।”
এই সমস্যা কাটাতে রক্ষণে শক্তি বাড়াচ্ছে রেয়াল। বোর্নমাউথ থেকে ডিন হাউসেনকে দলে এনেছে তারা। গণমাধ্যমের খবর অনুযায়ী লিভারপুল থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডও বের্নাবেউয়ে আসার পথে আছেন।
