২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে মাঠে নামানোর ব্যাখ্যা দিলেন রবিন ফন পের্সি

রবিন ফন পের্সির কোচিংয়েই সিনিয়র ফুটবলে অভিষেক হয়েছে তার ছেলে শাকিল ফন পের্সির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 01:02 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

দল তখন পিছিয়ে আছে। সমতায় ফিরতে মরিয়া কোচ বদলি হিসেবে নামালেন এক ফরোয়ার্ডকে। ফুটবলে এটি স্বাভাবিক প্রক্রিয়াই। তার পরও ম্যাচ শেষে ব্যাখ্যা দিতে হলো কোচকে। কারণ, সেটি ওই ফুটবলারের অভিষেক ম্যাচ আর কোচ তার বাবা!

বাবার নাম রবিন ফন পের্সি। আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোল করা প্রথম ফুটবলার এখন ঐতিহ্যবাহী ক্লাব ফেইনর্টের কোচ। এই দলের হয়েই বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচ দিয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় শাকিলের।

দারুণ একটি চক্রপূরণও হয়ে যায় এতে। ফেইনর্টের যুব দল হয়েই মূল দল দিয়ে ২০০১ সালে সিনিয়র ফুটবলে পা রেখেছিলেন রবিন। পরে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ফেনারবাচের হয়ে খেলে আবার ফেইনর্ট দিয়েই শেষ করেছিলেন খেলোয়াড়ি জীবন। ছেলে শাকিল শুরুতে ম্যানচেস্টার সিটির একাডেমিতে থাকলেও পরে ফেইনর্টের যুব দলে যোগ দেন। সেখান থেকে এবার সিনিয়র ফুটবলে পদচারণা শুরু হলো বাবার ক্লাবের হয়েই।

ফেইনর্টে ২০২২ সালে প্রথমবার পেশাদার চুক্তিতে সই করেন শাকিল। মূল স্কোয়াডে তাকে প্রথমবার জায়গা দেন বাবাই। গত রোববার ডাচ লিগের ম্যাচে তিনি ছিলেন স্কোয়াডে। তবে সেদিন মাঠে নামার সুযোগ পাননি। তিন দিন পর ১৯ বছর বয়সী ফরোয়ার্ড সেই সুযোগটা পেয়ে গেলেন ইউরোপার মঞ্চে সেল্টিকের বিপক্ষে।

ম্যাচের ৮১তম মিনিটে শাকিলকে মাঠে নামান রবিন। ফেইনর্ট তখন ২-১ গোলে পিছিয়ে। শাকিলকে নামিয়েও খুব একটা লাভ হয়নি। উল্টো ঘরের মাঠে তারা ৩-১ গোলে হেরে যায় স্কটিশ ক্লাবটির কাছে।

ম্যাচের পর রবিন বললেন, টাচলাইনে দাঁড়িয়ে বাবা হিসেবে নয়, সিদ্ধান্ত নিয়েছেন তিনি কোচ হিসেবে।

“আমি সিদ্ধান্তটি নিয়েছি কোচ হিসেবে, বাবা হিসেবে নয়। কারণ, ওই সময়ে গোল প্রয়োজন ছিল আমাদের। শাকিল এমন এক ফুটবলার, যে গোল করতে পারে যে কোনো কোণ থেকেই। এজন্যই তাকে মাঠে নামিয়েছি তখন।”

ছেলের ক্যারিয়ারের স্মরণীয় দিনটি অবশ্য স্পর্শ করেছে বাবাকে। তবে দায়িত্বের আড়ালে বাবার রোমাঞ্চ চাপা পড়েছে, বললেন ৪২ বছর বয়সী এই কোচ।

“বাবা হিসেবে বললে, যখন ছেলের অভিষেক হয়, এটা তো বিশেষ এক মুহূর্ত। তবে সেটি উপভোগের উপায় ছিল না আমার। আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম, শাকিল তার কাজে।”

শাকিলের জন্ম ২০০৬ সালে লন্ডনে, তার বাবা যখন খেলেন আর্সেনালে। ৯ বছর বয়সে ম্যানচেস্টার সিটির একাডেমি থেকে ফুটবলার হওয়ার পথে তার ছোটার শুরু। বছর দুয়েক পর দেশে ফিরে ফেইনর্টের একাডেমিতে যোগ দিয়ে এখনও পর্যন্ত আছেন সেখানেই। তার প্রতিভা নিয়ে আলোচনা চলছে বেশ ক বছর ধরেই। প্রথমবার বড় আকারে সাড়া জাগান তিনি ২০২০ সালে, ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আয়াক্সের বিপক্ষে দারুণ এক বাই সাইকেল কিকে গোল করে।

বাবার মতোই নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ দলে খেলেছেন তিনি।