রাফিনিয়ার হ্যাটট্রিকে বিধ্বস্ত সেভিয়া
রেয়াল মাদ্রিদের চেয়ে আবার চার পয়েন্টে এগিয়ে গেল কাতালান ক্লাবটি।
ম্যাচের শুরুতেই দুটি পেনাল্টি কাজে লাগিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিলেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে পূরণ করলেন হ্যাটট্রিক। আক্রমণাত্মক পারফরম্যান্সে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা।
কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচটি ৫-২ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। তাদের অন্য দুটি গোল দানি ওলমো ও জোয়াও কান্সেলোর।
এই নিয়ে ঘরের মাঠে টানা ১৪টি লিগ ম্যাচ জিতল বার্সেলোনা, ২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে যা তাদের সর্বোচ্চ।
গত অক্টোবরে সেভিয়ার মাঠে এবারের লা লিগায় প্রথম হারের স্বাদ পেয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে ৪-১ গোলের ভরাডুবি হয়েছিল তাদের। দারুণ পারফরম্যান্সে সেই ক্ষতে প্রলেপ দিল লিগ চ্যাম্পিয়নরা।
২৮ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭০। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল।
এবার ম্যাচের শুরুটা দুর্দান্ত হয় বার্সেলোনার। নবম মিনিটে রাফিনিয়ার পানেনকা স্পট কিকে এগিয়ে যায় তারা। কান্সেলোকে ডি-বক্সে সেভিয়ার জিব্রিল সু ফাউল করলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা।
একটু পর আবার পেনাল্টি পায় বার্সেলোনা এবং এটাতেও জড়িয়ে কান্সেলোর নাম। এই পর্তুগিজ ফুলব্যাকের শটে বল সেভিয়ার ডি-বক্সে জোয়াও কার্মোনার হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। ২১তম মিনিটে এবারও সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।
চাপ ধরে রেখে ৩৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল প্রতিপক্ষের পা ছুঁয়ে পেয়ে, প্রথম ছোঁয়ায় শটে গোলটি করেন ওলমো।
প্রথমার্ধে মোট পাঁচ শট নিয়ে কেবল শেষটি লক্ষ্যে রাখতে পারে সেভিয়া এবং ওটাই জালে জড়ায়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ভলিতে ব্যবধান কমান ওসো।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সৌভাগ্যসূচক গোলে হ্যাটট্রিক পূরণ হয় রাফিনিয়ার। ফের্মিন লোপেসের পাস ডি-বক্সে পেয়ে শট নেন তিনি, বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে উপরে উঠে ক্রসবার ঘেঁষে জালে জড়ায়।
এবারের লিগে এটাই রাফিনিয়ার প্রথম হ্যাটট্রিক। আসরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মোট গোল হলো ১১টি, রবের্ত লেভানদোভস্কির সমান।
চলতি মৌসুমে রাফিনিয়ার মোট গোল হলো ১৭টি।
৬০তম মিনিটে স্কোরলাইনে নাম লেখান কান্সেলো এবং বার্সেলোনা জয়ও প্রায় নিশ্চিত হয়ে যায়। মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে, ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে গোলরক্ষক সোজাসুজি শট নেন তিনি, বল ওদেসিয়াস ভ্লাহোদিমোসের পায়ে লেগে জালে জড়ায়।
যোগ করা সময়ে সান্ত্বনার আরেকটি গোল করতে পারে সেভিয়া। হেডে গোলটি করেন জিব্রিল সু।
লিগে টানা পাঁচ ম্যাচ (এক জয় ও চার ড্র) অপরাজিত থাকার পর আবার হারল সেভিয়া।
২৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে সেভিয়া, অবনমন অঞ্চল থেকে কেবল ৬ পয়েন্ট এগিয়ে।
