১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিষ্প্রভ ফুটবল খেলে ফের লিভারপুলের ড্র

ঘরের মাঠে ফুলহ‍্যামের সঙ্গে গোলশূন‍্য ড্র করেছে আন্দোনি ইরাওলার দল।

নিষ্প্রভ ফুটবল খেলে ফের লিভারপুলের ড্র
ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 10:05 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

সুযোগ এলো অনেকগুলো, কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারলেন না আলেকসান্দার ইসাক, দমিনিক সোবোসলাইরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ফের পয়েন্ট হারাল লিভারপুল। 

ফুলহ‍্যামের সঙ্গে শনিবার গোলশূন‍্য ড্র করেছে আন্দোনি ইরাওলার দল।

এবারের প্রিমিয়ার লিগে চার ম‍্যাচে এটি লিভারপুলের তৃতীয় ড্র। টানা তিন হারের পর প্রথম পয়েন্ট পেল ফুলহ‍্যাম।

ঘরের মাঠে নবম মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। বাহডলে বাহকোলার চমৎকার পাস পেয়ে দুরূহ কোণ থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি ইসাক।

দুই মিনিট পর গোলরক্ষক আলিসন বেকারের দুর্বল পাসে বিপদে পড়ে যায় লিভারপুল। তবে গোললাইন থেকে গন্সালো গার্সিয়ার শট ঠেকিয়ে দলকে বাঁচান জেরেমি জেকে। 

২২তম মিনিটে এগিয়ে যেতে পারত লিভারপুল। সোবোসলাইয়ের গতিময় শট ফেরে ক্রসবারে লেগে। প্রথমার্ধের বাকি সময়ে কোনো দলই আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের সুযোগ পান ইসাক। ৫২তম মিনিটে শট লক্ষ‍্যে রাখেন সু্ইডিশ স্ট্রাইকার। তবে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ফুলহ‍্যাম গোলরক্ষক। ১৪ মিনিট পর সোবোসলাইয়ের শটও ব‍্যর্থ করে দেন তিনি।

৭৬তম মিনিটে খেলার ধারার বিপরীতে সুযোগ পায় ফুলহ‍্যাম। তবে জশ কিংয়ের গতিময় শট ঠেকিয়ে সমতা ধরে রাখেন আলিসন। 

যোগ করা সময়ের প্রথম মিনিটে ব‍্যবধান গড়ে দেওয়ার সুযোগ নষ্ট করেন ইসাক। সোবোসলাইয়ের কর্নারে বিপজ্জনক জায়গা থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি তিনি।

অন্তিম সময়ে আরেকটি সুযোগ পায় লিভারপুল। দূরের পোস্টে বল পেয়ে শট লক্ষ‍্যে রাখতে পারেননি রিও নুগোমোহা। একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

৪ ম‍্যাচে তিন ড্র ও এক জয়ে ৬ পয়েন্ট নিয়ে আপাতত ছয় নম্বরে আছে লিভারপুল। ১ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে ফুলহ‍্যাম।