পিএসজির বিরুদ্ধে এমবাপের জয়, পাচ্ছেন বিশাল অঙ্কের অর্থ
আদালতের রায়ে রেয়াল মাদ্রিদ তারকার অভিযোগের সত্যতা মিলেছে, ধোপে টেকেনি পিএসজির পাল্টা অভিযোগ।
পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপের একসময়ের মধুর সম্পর্ক শেষদিকে তিক্ত হয়ে ওঠে। ফরাসি তারকার দলবদলের পর, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলে, বড় অঙ্কের অর্থের দাবিও ওঠে। শেষ পর্যন্ত যা গড়ায় আদালতে। সেখানেই এবার বড় এক জয় পেলেন এমবাপে। দীর্ঘ শুনানির পর আদালতের রায়, বিশ্বকাপ জয়ী তারকাকে ছয় কোটি ইউরো দিতে হবে পিএসজির।
মোনাকো থেকে ২০১৭ সালে ধারে পিএসজিতে যোগ দেন এমবাপে। ওই চুক্তির শর্ত পূরণ করেই পরের বছর তাকে পাকাপাকিভাবে দলে টানে প্যারিসের ক্লাবটি। এরপর ২০২১ সালের মে মাসে, রেয়াল মাদ্রিদের যাওয়ার জোরাল গুঞ্জনকে ভুল প্রমাণ করে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন এমবাপে।
কিন্তু, এমবাপের রেয়াল মাদ্রিদের যাওয়ার ইচ্ছাকে কেন্দ্র করে ২০২৪ সালের শুরু থেকে দুই পক্ষের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ‘সকল বাধা’ কাটিয়ে ওই মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে তিনি সান্তিয়াগো বের্নাবেউয়ে চলেও যান।
নতুন ঠিকানায় যাওয়ার পর, ২০২৪ সালের এপ্রিল, মে ও জুন মাসের বেতন পিএসজি দেয়নি বলে অভিযোগ নিয়ে আদালতে যান এমবাপে। পরে আবার তিনি দাবি করেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের কাছে তার পাওনা ২৬ কোটি ইউরোর বেশি।
অন্যদিকে, তার কাছে পিএসজি দাবি করে বিশাল অঙ্কের অর্থ, ৪৪ কোটি ইউরো! ক্লাবটির যুক্তি, এমবাপে ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়ায় ১৮ কোটি ইউরো আয়ের সুযোগ হারিয়েছে তারা। আর ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল হিলালের ৩০ কোটি ইউরোর প্রস্তাব নাকি নাকচ করেছিলেন ফরাসি অধিনায়ক। সব মিলিয়েই চোখ কপালে তোলা ওই অর্থ দাবি করে ক্লাবটি।
কয়েক মাসের শুনানি ও যুক্তি-তর্ক শেষে মঙ্গলবার প্যারিসের একটি লেবার কোর্টের রায়ে পিএসজির প্রতি এমবাপেকে ৬ কোটি ইউরো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এমবাপের আইনজীবি ফ্রেদেরিক কাসেরোহ।
“এই রায়ে আমরা খুশি। যখন বেতন (সময়মতো) পরিশোধ করা হয় না, তখন এটাই প্রত্যাশিত।”
আদালতের রায়ে বলা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী এমবাপের প্রাপ্য তিন মাসের বেতন, নৈতিকতা বোনাস এবং চুক্তি স্বাক্ষরের বোনাস দিতে ব্যর্থ হয়েছে পিএসজি।
অবশ্য এখনই হয়তো পিএসজিকে এই অর্থ পরিশোধ করতে হবে না। কারণ, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে তাদের।
