২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা আরও ভালো দল হয়ে উঠব’, এমবাপের বিদায় প্রসঙ্গে এনরিকে

আগামী মৌসুম সামনে রেখে দলে শক্ত মানসিকতার নতুন খেলোয়াড় আনার ঘোষণা দিলেন পিএসজি কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2024, 09:54 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

কয়েক বছর ধরে নিশ্চিতভাবেই পিএসজির সেরা পারফরমার কিলিয়ান এমবাপে। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি। তাই তার চলে যাওয়ার পর স্বাভাবিকভাবেই দলটির সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। তবে, কোচ লুইস এনরিকে আশাবাদী কোনো বিরূপ প্রভাব পড়বে না। বরং দল আরও ভালো হয়ে উঠবে বলে আশার কথা শোনালেন এই স্প্যানিশ কোচ।

অনেক চেষ্টার পরও এমবাপেকে আর ধরে রাখতে পারছে না পিএসজি। তার ভবিষ্যৎ ঘিরে যা একটু অনিশ্চয়তা ছিল, তাও কেটে গেছে। শুক্রবার এক ভিডিও বার্তায় ফরাসি তারকা নিশ্চিত করেন, চলতি মৌসুমই হতে যাচ্ছে তার পিএসজি অধ্যায়ের শেষ।

ভবিষ্যৎ ঠিকানা নিয়ে অবশ্য রহস্য রেখে দিয়েছেন এমবাপে। তবে গণমাধ্যমের নানা খবরের ভিত্তিতে ধারণা করা যায়, খুব সম্ভবত রেয়াল মাদ্রিদে যাচ্ছেন বিশ্বকাপজয়ী তারকা।

এমবাপের আনুষ্ঠানিক ঘোষণার পর শনিবার প্রথম সংবাদ সম্মেলনে আসেন এনরিকে। স্বাভাবিকভাবেই প্রশ্নোত্তর পর্বের অনেকটা অংশ জুড়ে ছিল এমবাপের বিদায় প্রসঙ্গ। অভিজ্ঞ এই কোচের মতে, সময়ের সেরা ফুটবলারদের একজনের এই সিদ্ধান্তকে সম্মান করা উচিত।

“একজন ফুটবলার ও ব্যক্তি হিসেবে এমবাপের বিষয়ে আমি কেবল চমৎকার সব কথাই বলতে পারি। তার সিদ্ধান্তটা আমি বুঝতে পারি। সে এখানে সাত বছর ধরে আছে এবং একজন ক্লাব কিংবদন্তি হয়ে উঠেছে। সে এই ক্লাবকে সবকিছু দিয়েছে এবং ক্লাবও তাকে সবকিছুই দিয়েছে। আমি তাকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”

“তাকে এই দলে পেয়ে আমি গর্বিত। সে আমাদেরকে সাহায্য করেছে, সে একজন নেতা এবং সে এর সবকিছুই করেছে হাসিমুখে।“

তবে, ক্লাবটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৫ গোল করা এবং ছয়টি লিগ আঁসহ অনেক শিরোপা জেতা এমবাপে চলে যাওয়ার পর দলে পরিকল্পনা বা লক্ষ্যে কোনো পরিবর্তন আসবে না বলেই বিশ্বাস এনরিকের।

“এই বিষয়টি (এমবাপের চলে যাওয়া) আমরা অনেক দিন ধরেই জানি…গতকাল এটা কেবল জনসম্মুখে এসেছে। তবে এতে আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসবে না। সবকিছু আগের মতোই থাকবে।”

 “কারা থাকছে বা চলে যাচ্ছে, তাতে কিছু এসে যায় না, আমার লক্ষ্য আগামী মৌসুমে আরও শক্তিশালী হয়ে ওঠা।”

এবারও অধরা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের স্বপ্ন দেখছিল পিএসজি। দারুণ সম্ভাবনা নিয়ে সেমি-ফাইনালে ওঠে তারা; কিন্তু বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই লেগেই হেরে যায় দলটি। লিগ আঁ জয়ের পর এখনও আরকটি শিরোপা ঘরে তোলার সুযোগ আছে পিএসজির। আগামী ২৫ মে লিওঁকে হারিয়ে ফরাসি কাপ জিতে মৌসুম শেষ করতে চান কোচ।

“পিএসজি দুর্দান্ত এক দল হয়ে উঠতে লড়াই করে যাবে এবং আমরা আরও ভালো হয়ে উঠব। আমরা শক্ত মানসিকতার খেলোয়াড় দলে আনব, যারা এই ক্লাবের বিজ্ঞাপন হয়ে উঠবে…জীবন এমনই।”

এবার টানা তৃতীয়বারের মতো এবং সব মিলিয়ে দ্বাদশবার লিগ আঁর ট্রফি জেতা পিএসজি লিগে পরের রাউন্ডে রোববার তুলুজের বিপক্ষে খেলবে। পিএসজির জার্সিতে ঘরের মাঠে এটাই হবে এমবাপের শেষ ম্যাচ।