ম্যানচেস্টার সিটিতে নরওয়ের তরুণ প্রতিভা
ইংলিশ ক্লাবটির অংশ হতে পেরে খুবই উচ্ছ্বসিত ১৮ বছর বয়সী মিডফিল্ডার।
সবকিছু একরকম চূড়ান্তই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। সেটিও এসে গেল। রোসেনবর্গ থেকে নরওয়ের প্রতিভাবান মিডফিল্ডার স্ভেররা নিপনকে দলে টানল ম্যানচেস্টার সিটি।
১৮ বছর বয়সী এই ফুটবলারকে পাঁচ বছরের চুক্তিতে দলে নেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে ইংলিশ ক্লাবটি।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত জানুয়ারিতে তাকে দলে নিতে প্রবল আগ্রহী ছিল আর্সেনাল।
স্বদেশের ক্লাব রোসেনবর্গের একাডেমিতে দুই বছর কাটানোর পর ২০২২ সালে মূল দলে অভিষেক হয় নিপনের। ১৫ বছর বয়সে অভিষেক হয়ে দলটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে যান তিনি। পরে তাদের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেন ১৬ বছর বয়সে।
দলটির হয়ে মোট ৭০ ম্যাচে ১৪ গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেন নিপন। ২০২৩ ও ২০২৪ সালে নরওয়ের শীর্ষ লিগের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
নরওয়ের বয়সভিত্তিক দলগুলোতে খেলা নিপনের এখনও জাতীয় দলে অভিষেক হয়নি। সিটিতে যোগ দিয়ে খুবই উচ্ছ্বসিত এই তরুণ।
“ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি ও গর্বিত। এই ক্লাবের অংশ হওয়া ও বিশ্বমানের খেলোয়াড়দের দলে যোগ দেওয়া যে কোনো তরুণ ফুটবলারের কাছে স্বপ্নের মতো।”
এই ক্লাবের বড় তারকা এখন নরওয়ের আরেক ফুটবলার আর্লিং হলান্ড। তার সতীর্থ হওয়ার আনন্দ যেমন আছে, তেমনি অভিজ্ঞ কোচ পেপ গুয়ার্দিলার কাছ থেকে শিখতে মুখিয়ে আছেন নিপন।
“আমি এখনও অনেক তরুণ, অনেক কিছু শেখার আছে আমার। বিশ্বের সেরা ম্যানেজার পেপ গুয়ার্দিওলার কোচিং পাওয়ার সুযোগ আমাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করবে।
“আর্লিং হলান্ড ও অস্কার ববের মাধ্যমে নরওয়ে ও ম্যানচেস্টার সিটির মধ্যে ইতোমধ্যেই একটি বিশেষ সংযোগ তৈরি হয়েছে। এই ক্লাবে যোগ দেওয়া নরওয়ের সবশেষ খেলোয়াড় হতে পেরে আমি খুবই গর্বিত।”
গ্রীষ্মের দলবদলে এই নিয়ে পাঁচ জন খেলোয়াড় দলে টানল ম্যানচেস্টার সিটি।
