‘ফার্গি টাইমের’ জাদুর ছোঁয়ায় রোমাঞ্চিত ম্যান ইউনাইটেড কোচ
শেষ দিকের দুই গোলে ম্যানচেস্টার সিটিকে হারানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হুবেন আমুরি বললেন, এমন নাটকীয় কিছুর আশা তার ছিল।
ম্যানচেস্টার ইউনাইটেডের সুদিন যেমন এখন অতীত, তেমনি ‘ফার্গি টাইম’ নিয়ে রোমাঞ্চ, সেই জাদুর পরশও হারিয়ে গেছে প্রায়। অনেক দিন পর সেই উত্তেজনা ফিরে এলো আবার। শেষ দিকের দুই গোলে ম্যানচেস্টার সিটিকে হারানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হুবেন আমুরি বললেন, এমন নাটকীয় কিছুর আশা তার ছিল।
ডার্বি ম্যাচে জয় মানে এমনিতেই বিশেষ কিছু। সেটা যদি হয় এমন নাটকীয়ভাবে, তাহলে তো উচ্ছ্বাসও পৌঁছে যায় উত্তুঙ্গে। সিটির মাঠে রোববার ৮৭ মিনিট পর্যন্ত ১-০তে পিছিয়ে ছিল ইউনাইটেড। ৮৮তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের পেনাল্টি সমতায় ফেরায় তাদেরকে। যোগ করা সময়ে গোল করে দলকে জেতান আমাদ দিয়ালো।
এই যোগ করা সময় নিয়েই ‘ফার্গি টাইম’ নামক ব্যাপারটির জন্ম। স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে এভাবেই শেষ সময়ে গোল করে ম্যাচের চিত্র অনেকবার বদলে দিয়েছে ইউনাইটেড। ফার্গুসনের সঙ্গে মিলিয়ে এটিকেই ‘ফার্গি টাইম’ বলা হয়।
নতুন কোচ আমুরির সময়ে এই প্রথম সেই ফার্গি টাইমের নাটকীয়তার স্বাদ পেল ইউনাইটেড। ম্যাচের পর কোচ বললেন, এমন কিছুর বিশ্বাস ছিল তারও।
“৯০ মিনিট ধরে আমরা ম্যাচে ছিলাম এবং এটি ছিল দারুণ। আর্সেনালের বিপক্ষে ম্যাচটি নিয়ে কথা বলেছিলাম আমরা। সেদিন প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, কিন্তু ছেলেরা বিশ্বাস করে উঠতে পারছিল না যে জিততে পারে। আজকের চিত্র ছিল ভিন্ন।”
“আমি বিশ্বাস রেখেছি, দলও বিশ্বাস করে গেছে। এরপর ‘ফার্গি টাইম’ এলো, আমরা সবকিছু গুছিয়ে করতে পারলাম এবং জাদুকরি কিছু হয়ে গেল। আমাদের জন্য ভালো একটি দিন।”
শেষের ওই কয়েক মিনিটের আগ পর্যন্ত ম্যাচে পিছিয়ে থাকলেও দলের হার না মানা মানসিকতা ও বিশ্বাস খুশি করেছে ইউনাইটেডের কোচকে।
“অসাধারণ জয়। আমার মনে হয়, জয়টি আমাদের প্রাপ্য। খুব কঠিন ম্যাচ ছিল, তবে শেষ পর্যন্ত আমরা বিশ্বাস রেখেছি, গোল করতে পেরেছি আমরা। জয়টি আমাদের জরুরি ছিল, আমাদের জন্য, সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।”
এই জয়েই অবশ্য উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না আমুরি। ডার্বি জয় উদযাপন করতে তার মানা নেই। তবে সামনের চ্যালেঞ্জের কথাও তিনি মনে করিয়ে দিলেন দলকে।
“সমর্থকদের কাছে এই জয়ের অর্থ অনেক। বিশেষ করে এই সময়ে, যখন গত সপ্তাহে কঠিন সময় ছিল আমাদের নটিংহ্যামর বিপক্ষে (৩-২ গোলের হার)। আজকের জয় আমাদের প্রাপ্য ছিল। শেষ সময় পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। তবে পরের সপ্তাহে আমাদের তিনটি ম্যাচ। সবকিছু আবার বদলে যেতে পারে। আজকের দিনটি ভালো গিয়েছে। ১০ মিনিটের জন্য উপভোগ করা যাক…।”
“তবে আমাদের এটা ধরে রাখতে হবে। এই ধরনের জয় প্রয়োজন এই ক্লাবটির। সমর্থকদের উচ্ছ্বাসের কারণ বুঝতে পারছি, তবে আমাদের চালিয়ে যেতে হবে। অনেক জায়গায় উন্নতি করতে হবে।
এই জয়ের পরও ১৬ ম্যাচ ২২ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে আছে ইউনাইটেড, ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে সিটি।
