ইউনাইটেড অধ্যায় আমুরির ‘সবচেয়ে কঠিন, তবে স্পেশালও’
স্পোর্তিং লিসবনের হয়ে পর্তুগালে দারুণ সাফল্য পাওয়া পর্তুগিজ কোচ ইংলিশ ক্লাবটিতে দেখছেন মুদ্রার উল্টো পিঠ।
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে হুবেন আমুরির পথচলা তিন মাস হতে চলেছে। স্পোর্তিং লিসবনের হয়ে পর্তুগালে দারুণ সাফল্য পাওয়া পর্তুগিজ কোচ ইংলিশ ক্লাবটিতে দেখছেন মুদ্রার উল্টো পিঠ। তাই তো আমুরির সরল স্বীকারোক্তি, ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম কয়েক মাস তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়। অবশ্য এই সময়কে বিশেষ কিছুও বলছেন তিনি।
দলের টানা ব্যর্থতার দায়ে আগের কোচ এরিক টেন হাগকে ছাঁটাই করার পর গত নভেম্বরে ইউনাইটেডের দায়িত্ব দেওয়া হয় আমুরিকে। কিন্তু তার হাত ধরেও হতাশার তিমিরে নিমজ্জিত প্রিমিয়ার লিগের সফলতম দলটি।
লিগে প্রথম ১১ ম্যাচের ৬টি হেরেছেন তিনি। ১৯৩২ সালের পর ইউনাইটেডে কোনো কোচের সবচেয়ে বাজে শুরু এটি।
ইউনাইটেড অধ্যায়ের এই কয়েক মাস তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কি-না, এমন প্রশ্নে টিএনটি ব্রাজিলকে আমুরি বলেন, “হ্যাঁ, তবে সবচেয়ে স্পেশালও।”
“একই মুদ্রার দুই পিঠ। আমি জানতাম, খুব কঠিন সময় আসবে। সামনে কী চ্যালেঞ্জ আসবে, সে সম্পর্কেও ধারণা ছিল আমাদের। অবশ্যই কয়েকটি পরাজয়ের পর সবকিছু আরও জটিল হয়ে ওঠে।”
গত ১৯ জানুয়ারি লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৩-১ গোলে হারের পর তার এই দল হয়তো ‘ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে বাজে’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন আমুরি। পরে অবশ্য তিনি স্বীকার করে নেন, এভাবে বলা উচিত হয়নি তার।
তার ওই মন্তব্যের পর ইউনাইটেড তাদের সবশেষ দুটি ম্যাচ জিতেছে, প্রিমিয়ার লিগে আছে ১২তম স্থানে।
