পিএসজির ‘বড় উপহার’ পেয়ে বায়ার্নের এই জয়
এভাবে উপহার দেওয়ার পর ম্যাচ হেরে যাওয়াই স্বাভাবিক, বলছেন পিএসজি কোচ লুইস এনরিকে।
ঘরের মাঠে পরাজয়ের যন্ত্রণা তো আছেই। লুইস এনরিকে আরও বেশি পুড়ছেন নিজেদের ভুলের হতাশায়। পিএসজির কোচের মতে, তাদের দেওয়া উপহারেই জয়ের সাফল্য সাজিয়েছে বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে মঙ্গলবার প্যারিসে পিএসজিকে ২-১ গোলে হারায় বায়ার্ন মিউনিখ।
৩২ মিনিটের মধ্যেই দুটি গোল করেন বায়ার্নের লুইস দিয়াস। প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয় তাকে।
দ্বিতীয়ার্ধে পিএসজি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে একটি গোল করলেও শেষ পর্যন্ত হারাতে পারেনি ১০ জনের বায়ার্নকে।
এই ফলাফলে বায়ার্নের কৃতিত্বের চেয়ে নিজেদের ভুলই বেশি দেখছেন পিএসজি কোচ এনরিকে।
“প্রথমার্ধে ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। বেশি সুযোগ তৈরি করেছে ওরা, আমরা বড় কয়েকটি উপহার দিয়েছি। এই মানের ফুটবলারদেরকে যখন এই ধরনের উপহার দেওয়া হয়… এরপর ম্যাচ হেরে যাওয়া স্বাভাবিক। আমরা বরং আরও বেশি গোল খেতে পারতাম।”
“দ্বিতীয়ার্ধে আমরা কাজ ঠিকঠাক করতে পেরেছি, হয়তো ম্যাচ ড্র করতেও পারতাম।”
গত মৌসুমে ইতিহাস গড়া পিএসজি নতুন মৌসুমে ততটা অপ্রতিরোধ্য নয় এখনও। ফরাসি লিগে তারা শীর্ষে থাকলেও তিন ম্যাচে ড্র করেছে, একটিতে হেরেছে। এবার চ্যাম্পিয়ন্স লিগেও হারের স্বাদ পেল।
গুরুত্বপূর্ণ বেশ কজন ফুটবলারের চোট অবশ্য তাদেরকে ভোগাচ্ছে বেশ। এই ম্যাচেও চোট নিয়ে মাঠ ছেড়েছেন উসমান দেম্বেলে।
সেরা দলকে না পাওয়ার আক্ষেপ শোনা গেল এনরিকের কণ্ঠেও। তিনি অবশ্য এটিকে অজুহাত হিসেবে দেখাতে চান না।
“এই মৌসুমে একটি ম্যাচও মনে করতে পারি না, যেখানো পুরো দলকে ফিট পেয়েছি। এসব সামলাতে হবে আমাদের। অজুহাত খুঁজছি না, আমাদের দায়িত্ব আরও ভালো করা। আমি শান্ত ও আত্মবিশ্বাসী আছি যে, আমাদের ছেলেরা সেরে উঠবে, দলের মানও ভালো হবে আরও। এত কিছুর মধ্যেও দারুণ কিছু ম্যাচ আমরা খেলেছি।”
