প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে আলকারাস
ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
আগের দুই বছরে পথচলা থেমেছিল কোয়ার্টার-ফাইনালে। এবার আর কোনো ভুল হয়নি কার্লোস আলকারাসের। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনোরকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠলেন র্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস তারকা।
মেলবোর্ন পার্কে মঙ্গলবার প্রথম সেটে দুজনের লড়াই হয় হাড্ডাহাড্ডি। পরের দুই সেটে পাত্তাই পাননি ডি মিনোর। ২২ বছর বয়সী আলকারাস ম্যাচ জিতে নেন ৭-৫, ৬-২, ৬-১ গেমে।
ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে আর মাত্র দুটি জয় দূরে ছয়বারের মেজর জয়ী আলকারাস। বছরের চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটিই কমপক্ষে একবার করে জেতাকে বলা হয় ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম।’
এখন পর্যন্ত আট জন পুরুষ ও ১০ জন নারী খেলোয়াড় পেয়েছেন এই স্বাদ।
ফরাসি ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন- এই তিনটি গ্র্যান্ড স্ল্যামই দুইবার করে জিতেছেন আলকারাস।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফাইনালে ওঠার লড়াইয়ে আলেক্সান্ডার জেভেরেভের মুখোমুখি হবেন তিনি।
