মায়ামির আরেকটি জয়ে মেসি কেন নেই
টানা দুই ম্যাচ লিওনেল মেসিকে ছাড়া জিতলেও এই তারকাকে না খেলানো নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আগের ম্যাচে না হয় বিশ্রাম দেওয়া হয়েছিল, এই ম্যাচেও কেন নেই লিওনেল মেসি? ম্যাচ শুরুর আগে কেউ প্রশ্নটি উঠছিল। পরে বদলি হিসেবেও তাকে নামানো হয়নি। ম্যাচের পর তাই প্রশ্নটি উচ্চকিত আরও। ইন্টার মায়ামির পক্ষ থেকে মেসির চোট নিয়ে কিছু বলা হয়নি।
জাদুকরকে ছাড়া খেলতে নেমে অবশ্য জিততে সমস্যা হয়নি ইন্টার মায়ামির। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো সিরিজের প্রথম লেগে জ্যামাইকার ক্লাব ক্যাভালিয়ার এফসিকে ২-০ গোলে হারিয়েছে তারা।
ঘরের মাঠে ৬১তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আইয়েন্দে। ২২ মিনিট পর গোল করেন লুইস সুয়ারেস।
পরের লেগ জ্যামাইকার কিংস্টনে আগামী বৃহস্পতিবার।
ওই ম্যাচ মেসি খেলবেন কি না, সেটির আগে প্রশ্ন, এই ম্যাচে কেন খেলেননি। মায়ামির সবশেষ ম্যাচেও তিনি খেলেননি।
হিউস্টন ডায়নামোর মাঠে গত সোমবার মেজর লিগ সকারের ম্যাচটিতে মেসি খেলবেন ধরে নিয়ে ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের সব টিকেট শেষ হয়ে গিয়েছিল বেশ আগেই। পরে দেখা যায়, দলের সঙ্গে হিউস্টনে যাননি মেসি।
ওই ম্যাচের আগে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছিলেন, মেসির কোনো চোট-সমস্যা নেই। ম্যাচটিতে না খেলায় ধরে নেওয়া হয়েছিল, বিশ্রাম দেওয়া হয়েছে ৩৭ বছর বয়সী তারকাকে। আগের ১০ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি।
হতাশ দর্শকদের জন্য পরে ফ্রি টিকেটের ঘোষণা দেয় হিউস্টন ক্লাব কর্তৃপক্ষ। মৌসুমে পরের যে কোনো ম্যাচে একটি সৌজন্যমূলক টিকেট পাবেন তারা।
মেসিকে ছাড়াই সেই ম্যাচে ৪-০ গোলের জয় পায় মায়ামি। এরপর ধরে নেওয়া হয়েছিল, চ্যাম্পিয়ন্স কাপের এই ম্যাচ তাকে দেখা যাবে। কিন্তু এই ম্যাচও না খেলায় কিছুটা ধোঁয়াশার জন্ম নিচ্ছে।
দলের পক্ষ থেকে চোট বা বিশ্রামের কথা আনুষ্ঠানিকভাবে বলা হয়নি এখনও।
