২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলি নেমে ব‍্যবধান গড়ে দিয়েছেন ‘বিশ্ব সেরা’ ইয়ামাল, বললেন সোসিয়েদাদ কোচ

দ্বিতীয়ার্ধে বদলি নেমে দারুণ নৈপুণ‍্য উপহার দিয়েছেন তরুণ এই তারকা, দুই কোচেরই প্রশংসায় ভেসেছেন তিনি।

বদলি নেমে ব‍্যবধান গড়ে দিয়েছেন ‘বিশ্ব সেরা’ ইয়ামাল, বললেন সোসিয়েদাদ কোচ
কুঁচকির চোট কাটিয়ে ফেরার ম‍্যাচে ব‍্যবধান গড়ে দিলেন লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 02:42 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

চোট কাটিয়ে ফেরার ম‍্যাচে আলো ছড়িয়েছেন লামিনে ইয়ামাল। রবের্ত লেভানদোভস্কির জয়সূচক গোলে রেখেছেন অবদান। প্রতিপক্ষ রেয়াল সোসিয়েদাদ কোচ সের্হিও ফ্রান্সিসকো মনে করছেন, বিশ্বের সেরা এই তরুণ ফরোয়ার্ডের বদলি নামাই ব‍্যবধান গড়ে দিয়েছে ম‍্যাচে।

লা লিগার ম‍্যাচে রোববার ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। রেয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শিরোপাধারীরা উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। 

আলভারো ওদ্রিওসোলার গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানেন ডিফেন্ডার জুল কুন্দে। দ্বিতীয়ার্ধে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। সেটাই দলকে এনে দেয় তিন পয়েন্ট। 

ম‍্যাচের ৫৮তম মিনিটে ১৯ বছর বয়সী ফরোয়ার্ড রুনি বার্দগির জায়গায় কুঁচকির চোট কাটিয়ে ফেরা ইয়ামালকে নামান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। মাঠে নামার এক মিনিটের মধ্যে দলকে এগিয়ে নেওয়ায় ভূমিকা রাখেন তরুণ তারকা। ডি-বক্সে ঢুকে একজনের চ্যালেঞ্জ সামলে ক্রস বাড়ান ইয়ামাল, আর হেডে জাল খুঁজে নেন লেভানদোভস্কি।

ম‍্যাচ শেষে সোসিয়েদাদ কোচ বললেন, ইয়ামাল মাঠে নামার মুহূর্তেই পাল্টে যায় ম‍্যাচের চিত্র।  

“মাঠে লামিনের উপস্থিতিই একটা হুমকি। তাকে থামানো খুব কঠিন, এমনকি তাকে থামাতে বেঞ্চ থেকে সতেজ কাউকে নামানো হলেও।”

“তাকে খেলতে দেখাটা দারুণ ব‍্যাপার। সে আবারও দেখিয়েছে যে, সম্ভবত সে-ই এখন বিশ্বের সেরা খেলোয়াড়। বেঞ্চ থেকে তার বদলি নামাটা ম‍্যাচের ভাগ‍্য গড়ে দিয়েছে।”

ইয়ামাল নিজেও জালের দেখা পেতে পারতেন। কিন্তু একটুর জন‍্য তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি। চোট কাটিয়ে তাকে স্বরূপে ফিরতে দেখে ভীষণ খুশি কোচ ফ্লিক। 

“তাকে ফিরে পেয়ে আমি খুশি, আমরা সবাই খুশি। সুযোগ তৈরি করা, শেষ পাস দেওয়ার মতো ব‍্যাপারে নিজের অসাধারণ শক্তি সে সরাসরি দেখিয়েছে। তাকে ফিরে পাওয়াটা দারুণ ব‍্যাপার।” 

উসমান দেম্বেলের পেছেন থেকে ব‍্যালন দ’রে দ্বিতীয় হন ইয়ামাল। তবে টানা দ্বিতীয়বার জেতেন বিশ্বের সেরা অনূর্ধ্ব-২১ বছর বয়সী খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি। 

আরও একবার এই ট্রফি জেতার মতো পারফরম‍্যান্স করে চলেছেন ইয়ামাল। বার্সেলোনা কোচ নিশ্চিত, এবার তরুণ তারকা ব‍্যালন দ’র জয়ের জন‍্য ছুটবেন।

“(দেম্বেলের জয়) এই সিদ্ধান্ত পাল্টানো যাবে না। তবে আগামী বছর লামিনে আরেকটি সুযোগ পাবে। সে এটা পাওয়ার চেষ্টা করবে। সব খেলোয়াড়ের জন‍্যই, এটা বড় ব‍্যাপার। যারা এই ট্রফি জিততে পারে তাদের মধ‍্যে থাকাও একটা বড় ব‍্যাপার। অবশ‍্যই আমাদের এই দলে অনেক খেলোয়াড় আছে যারা এই ট্রফি জিততে পারে।”