ম্যাচের ৩ ঘণ্টা আগে বরখাস্ত এভারটন কোচ ডাইস
এভারটনের প্রধান কোচ হিসেবে শন ডাইসের দুই বছরের অধ্যায় শেষ হয়ে গেল।
এফএ কাপের তৃতীয় রাউন্ডে মাঠে নামার ঘন্টা তিনেক আগে চমক জাগানিয়া খবর দিয়েছে এভারটন। প্রধান কোচের পদ থেকে শন ডাইসকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
ঘরের মাঠে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে আটটায় পিটারবারা ইউনাইটেডের মুখোমুখি হবে এভারটন। বিকেল সাড়ে চারটার দিকে ৫৩ বছর বয়সী ডাইস ও তার কোচিং স্টাফের আরও চার সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় ক্লাবটি।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে খুব বাজে সময় কাটছে এভারটনের। প্রথম ১৯ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটি। ১৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে তারা।
২০২৩ সালের জানুয়ারিতে ডাইসকে দায়িত্ব দিয়েছিল এভারটন। দুই বছরে তার কোচিংয়ে ৮৪ ম্যাচের মধ্যে দলটি জিতেছে ও ড্র করেছে ২৬টি করে, হেরেছে ৩২টি।
গত শনিবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ১-০ গোলের হারই হয়ে থাকল এই ক্লাবে ইংলিশ কোচের শেষ ম্যাচ।
