নির্বাচনে জিতলে সাড়ে ১৭ কোটি ডলারের ফুটবলার আনার প্রতিশ্রুতি দিলেন পেরেস
রেয়াল মাদ্রিদের সভাপতির পদের লড়াইয়ে জিততে পারলে রেকর্ড ট্রান্সফার ফিতে বড় এক তারকাকে দলে আনার ঘোষণা দিলেন ফ্লোরেন্তিনো ফেরেস।
রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনে জেতার লড়াইয়ে থাকা ফ্লোরেন্তিনো পেরেস চমকপ্রদ এক ঘোষণা দিয়েছেন। ক্লাব সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলে এবারের গ্রীষ্মে একজন ‘গ্যালাকটিকো’ ফুটবলারকে দলে নেবেন তিনি, যার পেছনে খরচ হতে পারে অন্তত ১৫ কোটি ইউরো (প্রায় সাড়ে ১৭ কোটি মার্কিন ডলার)।
সভাপতির নির্বাচনে দীর্ঘদিন পর বড় চ্যালেঞ্জের মুখে পড়া পেরেস আগেই বলেছেন যে, দলের কোচ হিসেবে জোসে মরিনিয়োকে আনবেন এবং লিভারপুর ছাড়ার ঘোষণা দেওয়া ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতেকে ফ্রি ট্রান্সফারে চুক্তিবদ্ধ করবেন।
এছাড়াও বৃহস্পতিবার তিনি নিশ্চিত করেছেন, ইন্টার মিলানের উইং-ব্যাক ডেঞ্জেল ডামফ্রিসকে চুক্তিবদ্ধ করবেন।
স্প্যানিশ একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার পেরেস বলেন. আগামী সপ্তাহে একজন ফুটবলারকে পেতে প্রস্তাব দেবেন তিনি, যা সফল হলে রেয়ালের দলবদলের রেকর্ড হবে।
“আগামী মঙ্গলবার দুর্দান্ত একজন ফুটবলারের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ ক্লাবের কাছে প্রস্তাব দিতে যাচ্ছি আমি। কোনো ফুটবলারের জন্য রিয়াল মাদ্রিদের ইতিহাসে এটিই হবে সর্বোচ্চ অর্থ, অন্তত ১৫ কোটি ইউরো।”
গত ২৬ বছরের মধ্যে ২৩ বছরই রেয়ালের সভাপতি পদে ছিলেন পেরেস। তবে ৭৯ বছর বয়সী এই ব্যবসায়ীকে এবার কঠিন পরীক্ষায় ফেলেছেন ৩৭ বছর বয়সী ব্যবসায়ী এনরিকে রিকেলমে।
রিকুয়েলমে নির্বাচিত হলে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড ও রদ্রিকে দলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই দুজনকে আনতে ব্যর্থ হলে এক বছরের জন্য ক্লাবের সদস্যপদ ফি পরিশোধ করার অঙ্গীকার করেছেন।
পেরেস যাকে দলে আনতে প্রস্তাব দেবেন, তার নাম খোলাসা করছেন না। কয়েকজনের নাম উল্লেখ করেই তাকে জিজ্ঞেস করা হয়েছিল। কিন্তু তিনি তা উড়িয়ে দিয়েছেন।
“এই ফুটবলার (মাইকেল) ওলিসে নয়। সে দুর্দান্ত ফুটবলার, কিন্তু তার কথা বলছি না। সে (জেরেমি) ডোকু নয়, (আর্লিং) হলান্ডও নয়। সে (হ্যারি) কেইনও নয়।”
“সে এমন একজন ফুটবলার, যে মাঝমাঠ থেকে বা আরও সামনে খেলে। এবং সে প্রিমিয়ার লিগের খেলোয়াড় নয়। সে একজন পুরোদস্তুর গ্যালাকটিকো। তবে প্রথমে আমরা তার ক্লাবের সঙ্গে কথা বলব।”
রেয়ালের সভাপতি নির্বাচন হবে এই রোববার।
