২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

তিন সপ্তাহের জন‍্য ছিটকে গেলেন বার্সেলোনার লোপেস

মৌসুমের শুরুতেই একের পর এক চোটে ভাবনায় বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

তিন সপ্তাহের জন‍্য ছিটকে গেলেন বার্সেলোনার লোপেস
ফের্মিন লোপেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 07:16 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

উদ্বেগ নিয়ে ফের্মিন লোপেসের পরীক্ষা-নিরীক্ষার দিকে তাকিয়ে ছিলেন হান্সি ফ্লিক। বার্সেলোনা কোচের শঙ্কাই সত‍্যি হয়েছে। আপাতত মাঠের বাইরে ছিটকে গেছেন তরুণ স্প‍্যানিশ মিডফিল্ডার। 

বার্সেলোনা সামাজিক মাধ‍্যম এক্স-এ সোমবার জানিয়েছে, বাঁ পায়ের পেশির চোটে ভুগছেন ২২ বছর বয়সী লোপেস। তিনি প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।  

চলতি মাসে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ৬-০ ব‍্যবধানের জয়ে জোড়া গোল করেন লোপেস। গত রোববার গেতাফের বিপক্ষে ৩-০ ব‍্যবধানের জয়ে দ্বিতীয়ার্ধে বদলি নামেন তিনি। কিন্তু ম‍্যাচ শেষ করতে পারেননি, মাঠ ছাড়েন অন্তিম সময়ে।

মৌসুমের শুরুতেই চোট ভোগাচ্ছে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের। মার্ক-আন্ড্রে টের স্টেগেন, লামিনে ইয়ামাল, গাভি ও আলেহান্দ্রে বাল্দে আগে থেকেই মাঠের বাইরে আছেন। এই তালিকায় যে লোপেস যুক্ত হচ্ছেন, ম‍্যাচ শেষের প্রতিক্রিয়াতেই তার আভাস দেন বার্সেলোনা কোচ ফ্লিক। 

“তিন পয়েন্ট, ৩-০ ব‍্যব‍ধান সবকিছু ঠিকঠাক… ফের্মিনের কারণে আমার এরকম অনুভূতি হচ্ছে না। আগামীকাল তার পরীক্ষা হবে। তখন বোঝা যাবে।”

সেই পরীক্ষার ফল বার্সেলোনার জন‍্য কোনো সুখবর বয়ে আনেনি। শিরোপাধারীরা আগামী বৃহস্পতিবার রেয়াল ওবেইদোর মাঠে খেলবে। পাঁচ রাউন্ড শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে আছে বার্সেলোনা।